
ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত খালিদ সাইফুল্লাহর মা ফাতেমা আক্তার বলেছেন, আমার ছেলের হত্যাকারি বিপ্লব এখন জেলহাজতে রয়েছে। হত্যা মামলা এখন চলমান রয়েছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মুজিবুর রহমান প্রশাসনিক দায়িত্বে থেকেও ঘাতক বিপ্লবকে বাচাঁনোর জন্য চেষ্টা করছেন। ঘাতককে জামিনে মুক্তি দিয়ে কুবি সেমিষ্টার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য গত ২০ অক্টোবর আদালতে আবেদন করেছেন কুবি রেজিষ্টার। কুবির নজরুল হলের প্রভোষ্ট শিক্ষক মেহেদীর ভূমিকাও রহস্যজনক। শিক্ষকরা যখন খুনিকে বাচাঁনোর চেষ্টা করছে , তখন আমার ছেলের হত্যার ন্যায় বিচার পাওয়া নিয়ে আমরা শংকিত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর একটি কনফারেন্স হলে ছেলে হত্যার বিচার চেয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নিহত সাইফুল্লাহর মা ফাতেমা আক্তার বলেন, গত আগষ্ট মাসের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলনের সময় কুবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে খুন হয় আমার ছেলে খালিদ সাইফুল্লাহ। এ ঘটনায় ওই দিন রাতেই সদর দক্ষিণ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেকুর রহমান। এই মামলায় আসামি বিপ্লব এখন জেল হাজতে রয়েছে ।
তিনি বলেন, থানায় দায়ের করা মামলায় হত্যায় জড়িত আরো কয়েকজন দোষীদের নাম না থাকায় আমি হতবাক ও বিম্মিত হই। আমার ছেলের সহপাঠি, প্রত্যক্ষদর্শী এবং অন্যান্য মারফতে জানতে পারি ঘটনার প্রকৃত খুনী কারা। পরবর্তীতে আমি গত ১৯ অক্টোবর তারিখে আমার ছেলের খুনের ঘটনায় সরাসরি জড়িত কুবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিপ্লব চন্দ্র দাশ, রেজা-ই-এলাহী, মাসুদ ও সোহেল রানার নাম উল্লেখ করে কুমিল্লার আদালতে আরো একটি মামলা দায়ের করি। আদালত ওই চারজন আসামির নাম পূর্বের মামলায় অন্তর্ভুক্ত করে তদন্ত সাপেক্ষে মামলার চার্জশিট দাখিলের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর কাছে এই বিচারে সহযোগিতা কামনা করে খালিদ সাইফুল্লাহর মা বলেন, আগষ্ট মাসেই আপনি আপনার বাবা মাকে হারিয়েছেন। তাদের স্মরনে শোকের মাসের প্রথম প্রহরে কর্মসূচী পালন করতে গিয়েই খুন হয় আমার ছেলে। আপনি যেমনি আপনার বাবা-মা হত্যাকারীদের বিচার করেছেন তেমনি আমি আমার সন্তান হত্যার বিচার দাবী করছি।
সংবাদ সম্মেলনে সাইফুল্লাহর বাবা জয়নাল আবেদীন, মামা আবদুল আউয়ালসহ তার সহপাঠীরা উপস্থিত ছিলেন। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে সাইফুল্লাহ প্রকৃত খুনীদের দ্রুত বিচার দাবী করেন।
এ বিষয়ে মামলার তদন্তের দায়িত্বে থাকা জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুর আলম জানান, আদালতের নির্দেশে আমরা ওই চারজনের নাম মিলিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।

























































