মো: বেলাল হোসাইনঃ
ফেনী জেলা থেকে অপহৃত ফখরুল ইসলাম জুয়েল নামের এক প্রবাসীকে অপহরণের পর চৌদ্দগ্রাম এলাকায় এনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশ অপহৃতকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন; চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ভাজনকরা গ্রামের ভাজনকরা গ্রামের বেলাল হোসেনের ছেলে মাসুম ও আবদুল কাদেরের ছেলে আবদুল হান্নান। গত মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় ফেনী মডেল থানা পুলিশ। এঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন উদ্ধার হওয়া প্রবাসী ফখরুল ইসলাম জুয়েল। তিনি ফেনী সদরের উত্তর জাহানপুর গ্রামের তাজুল ইসলামের পুত্র।
মামলায় জুয়েল উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে মালদ্বীপ থাকেন। বর্তমানে ছুটিতে দেশে অবস্থান করছেন। গত সোমবার রাত সাড়ে সাতটায় ফেনী সদরের মিজান রোডের গ্রান্ড হক টাওয়ারের পাশের একটি দোকানে চা খাওয়া অবস্থায় সংঘবদ্ধ চক্র তাকে ডেকে নিয়ে একটি প্রাইভেটে উঠিয়ে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা তাকে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পদুয়া এলাকায় মা ব্রিকস ফিল্ড এলাকায় আটকে রাখে। অপহরণকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোনে থাকা আত্মীয় স্বজনের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ছাড়িয়ে নিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে আত্মীয় স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ ব্রিকস্ ফিল্ডের পাশে আসামী মাসুমের ঘর থেকে জুয়েল বন্দিদশা থেকে উদ্ধার করে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শাহিন মিয়া বলেন, ‘অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম ও ফেনী পুলিশের যৌথ অভিযানে অপহৃত প্রবাসীকে উদ্ধার ও দুইজনকে আটক করা হয়। অপর আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে’।


















































