পূর্বাশা ডেস্কঃ
আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ৭৪ জনের নাম এরই মধ্য ঘোষণা করা হয়েছে। এদের মধ্য এমন ১৩ জনকে কেন্দ্রীয় কমিটিতে আনা হয়েছে যাদের নিয়ে গণমাধ্যমে বিন্দুমাত্র আলোচনা ছিল না। দলটির নেতাকর্মীরাও কল্পনা করতে পারেননি এরা কমিটিতে আসবেন। এমনকি এই ১৩ জন নিজেরাও ভাবেননি যে তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসতে পারেন। নাম প্রকাশের পর তারা জেনেছেন। দলটির একাধিক শীর্য নেতা এ প্রসঙ্গে বলেছেন, ২০ তম জাতীয় কাউন্সিলে এটাই শেখ হাসিনার বড় চমক।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ ভট্টচার্য্য নিজেই বলেছেন, যখন সভানেত্রী শেখ হাসিনা আমার নাম বললেন তখন আমি বিশ্বাস করতে পারিনি যে তিনি আমার নামটি বলেছেন। এক পর্যায়ে যখন তিনি বারবার আমার দিকে তাকাছিলেন এবং ইশারা করলেন তখন আমি বুঝতে পারলাম আমার নামই তিনি সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে বলছেন। পীযুষ ভট্টাচার্য্য যশোর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ছিলেন। প্রচারবিমূখ মানুষটি নিরবে কাজ করেছেন দলের জন্য। যশোর জেলা আওয়ামী লীগের কেউ ভাবতে পারেননি যে পীযুষ ভট্টচার্য্য সভাপতিমণ্ডলীর সদস্য হতে পারেন।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজউদ্দিন, মোড়োলগঞ্জ ঊপজেলার নেতা আমিনুল ইসলাম মিলন, সিরাজগঞ্জের নুরুল ইসলাম ঠান্ডু, দলীয় রাজনীতিতে দীর্ঘদিন কোনঠাসা ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরুকে নিজ উদ্যোগে কেন্দ্রীয় কমিটিতে এনেছেন শেখ হাসিনা। এছাড়া চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করেছেন শেখ হাসিনা। উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ড, শাম্মী আহমেদ, মেরিনা জাহান, পারভীন জামান কল্পনা, সম্পাদকমণ্ডলীর সদস্য ডা, রোকেয়া বেগম, শামসুন্নাহার চাপার কেন্দ্রীয় কমিটিতে আগমন আওয়ামী লীগের শীর্য নেতারা কেউই ভাবতে পারেননি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, কোনও মিডিয়া কিংবা দলীয় নেতাকর্মীরা কেউ কী কখনও ভেবেছেন যে এরা কেন্দ্রীয় কমিটিতে আসবেন? এটাই হলো শেখ হাসিনার চমক। তিনিই এদেরকে আবিস্কার করেছেন।























































