চোটের জন্য গত আগস্টে রিও অলিম্পিকের মাঝপথেই সরে আসতে হয় তাঁকে৷ পিভি সিন্ধু অলিম্পিক ব্যাডমিন্টনে দেশকে রুপো এনে দিলেও, ভারতের সেরা বাজি ছিলেন সাইনা নেওয়াল৷ সেই সাইনার ব্যাডমিন্টন কেরিয়ার এখন বিরাট প্রশ্ন চিহ্নের মুখে৷ চোট কাটিয়ে উঠলেও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন না এক সময় বিশ্বের সেরা এই মহিলা শাটলার৷ তাহলে কি মাত্র ২৬ বছর খেলা ছেড়ে দিতে বাধ্য হবেন এই হয়দরাবাদি? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাইনা নিজেই তেমন আশঙ্কা প্রকাশ করেছেন৷
খেলার মাঝেই হাঁটুতে মারাত্মক চোট পেয়ে রিও অলিম্পিক থেকে ছিটকে যান সাইনা। এরপর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। বেশ কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকার পর সম্প্রতি অনুশীলন শুরু করেছেন তিনি। প্রায় আড়াই মাস প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনের বাইরে থাকা সাইনা চিন ওপেনে খেলার জন্য নিজেকে তৈরি করছেন। যদিও আত্মবিশ্বাসহীন সাইনা নিজেই কেরিয়ার দীর্ঘায়িত হওয়া নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে ভুগছেন৷
সাইনা বলছেন, ‘চারিদিকে আলোচনা হচ্ছে আমার কেরিয়ার নিয়ে৷ অনেকেই মনে করছেন, আমি আর খেলায় ফিরতে পারব না। আমারও এমনটাই মনে হচ্ছে। দেখা যাক কী হয়। লোকে যদি মনে করে আমি শেষ হয়ে গিয়েছি, তাহলে আমার খুব ভাল লাগবে। এটা ভাল কথা। এর মানে অনেকেই আমার কথা ভাবে। তবে এবার থেকে মনে হয় ওরা আর আমার কথা ভাববে না। আমি আর আগামী পাঁচ-ছয় বছরের পরিকল্পনা করছি না। এক বছরের কথাই ভাবছি। বাকিটা ভবিষ্যত বলবে৷’

























































