মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাশরাফিকে নাও, চ্যাম্পিয়ন হয়ে যাও


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

255829_1

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াবে শুক্রবার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট লিগটির এবারের মাঠের লড়াইয়ে রোমাঞ্চ ছড়াতে প্রস্তুত সাতটি দল। চতুর্থ আসরকে সামনে রেখে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল গঠন করেছে, পিছিয়ে নেই অন্যরাও।

তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত আসরের চ্যাম্পিয়ন এই দলটির ভাণ্ডারে যে আছেন মাশরাফি বিন মুর্তজা নামের এক ‘পরশ পাথর’। তাকে যে ফ্র্যাঞ্চাইজিই দলে টেনেছে, তাদেরই শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন ম্যাশ। জমকালো এই ক্রিকেট-যজ্ঞ মাঠে গড়ানোর আগে তাই ঘুরে ফিরেই আসছে আবারো কি মাশরাফির হাতেই শিরোপা?

‘মাশরাফিকে নাও, বিপিএল চ্যাম্পিয়ন হয়ে যাও’ -এইরকম একটি স্লোগান বাংলাদেশের ক্রিকেটমহলে পুরনোই। প্রথম দুই আসরে ২০১২ ও ২০১৩ সালে ঢাকা গ্লাডিয়েটর্সকে শিরোপা এনে দিয়েছিলেন মাশরাফি। এরপর বিরতি দিয়ে আবারো

যখন মাঠে গড়াল বিপিএল, ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেও শিরোপার হাসি উপহার দিয়েছিলেন টাইগারদের রঙিন পোশাকের অধিনায়ক।

বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে ক্রিস গেইলের দানবীয় ব্যাটিংয়ে প্রতিপক্ষ দলগুলোর জন্য হুমকি হয়ে উঠেছিল বরিশাল বার্নার্স। সেবার গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের দুটিতেই সেঞ্চুরি করেছিলেন গেইল। তবে সেমিফাইনালের আগে তিনি দেশে ফেরায় শক্তি হারিয়েছিল দলটি। এরপরও পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলতে থাকা বরিশালকে ফাইনালে হতাশ করেছিল আরেক শক্তিশালী দল মাশরাফির গ্লাডিয়েটর্স।

গেইল চলে গেলেও বরিশালের হয়ে আহমেদ শেহজাদ দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৪৯ বলে ১১৩ রানের হার না মানা এক দানবীয় ইনিংস খেলে দলকে ফাইনালে নিয়েছিলেন। কিন্তু শিরোপার স্বপ্ন বুনতে থাকা দলটি ফাইনালে এসেই নিষ্প্রভ হয়ে আত্মসমর্পণ করে মাশরাফিদের বিপক্ষে।

ফাইনালে ব্র্যাড হজের অপরাজিত ৭০ রানে ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে নির্ধারিত ওভারে ৭ উইকেটে মাত্র ১৪০ রান তুলতে সক্ষম হয়েছিল বরিশাল। ঢাকা যে লক্ষ্য টপকে যায় মাত্র ২ উইকেট হারিয়েই, সেটিও ১৫.৪ ওভারে। মাশরাফি সেদিন ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। বল হাতে ২ ওভারে ১৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেটি দলের লড়াকু মনোভাব জারি রাখতে কোনো ব্যাঘাত ঘটায়নি। কারণ তিনি যে মাশরাফি নামের এক ‘পরশ পাথর’।

বিপিএলের পরের আসরে ২০১৩ সালেও ঢাকা গ্লাডিয়েটর্সের দলনেতা ছিলেন মাশরাফি। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ ছিল চিটাগং কিংস। শুরুতে ব্যাট করে এনামুল হক বিজয়ের ফিফটিতে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য গড়েছিল ঢাকা। জবাবে ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রানেই গুটিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের চিটাগং।

৪৩ রানে জয়ের সেই ম্যাচে ৩ বলে দুই চারে ৮ রান করার পাশাপাশি ৩ ওভারে ২৫ রান খরচায় ১ উইকেট নিয়েছিলেন মাশরাফি। সঙ্গে উঁচিয়ে ধরেছিলেন চ্যাম্পিয়ন খেতাবের শিরোপাটি।

এক মৌসুম বিরতি দিয়ে ২০১৫ সালে তৃতীয় আসর মাঠে গড়ায় বিপিএলের। এবারও মাশরাফির ফাইনাল প্রতিপক্ষ দলনেতা ছিলেন মাহমুদউল্লাহ। তবে দুজনের দলেই এসেছিল পরিবর্তন। মাহমুদউল্লাহ নাম লিখিয়েছিলেন বরিশাল বুলসে আর মাশরাফিকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা নির্ধারণী ম্যাচটিও হয়েছিল জমজমাট। কিন্তু শেষ হাসি সেই মাশরাফির।

তৃতীয় আসর শুরুর আগে মাশরাফিকে ঘিরে করা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির একটি মন্তব্য বেশ বিতর্কের সৃষ্টি করেছিল। ফ্র্যাঞ্চাইজিটি নাকি অনিচ্ছাসত্ত্বেও মাশরাফিকে দলে নিতে বাধ্য হয়েছিল! কারণ অন্য ফ্র্যাঞ্চাইজিরা বাকি আইকনদের দলে ভিড়িয়েছে, তাতে না নেওয়ার তালিকায় ছিলেন কেবল মাশরাফি!

কিন্তু সেই বিতর্কতে ছাপিয়ে পুরো টুর্নামেন্টেই দাপুটে ক্রিকেট উপহার দিয়েছিল মাশরাফির দল। পুরো টুর্নামেন্টে বেশ কিছু শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলা বরিশালও ছিল দুর্দান্ত।

ফাইনালেও মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে সমান তালে লড়াই করেছিল বরিশাল বুলস। একটা সময় দলটির শিরোপা জয় সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। তবে অলক কাপালীর বীরত্বগাথা শেষ পর্যন্ত বরিশালের দুঃখগাথায় রূপ নেয়। শেষ ৫ বলে জয়ের জন্য কুমিল্লার দরকার ছিল ১২ রান। দুর্দান্ত দৃঢ়তায় পর পর দুটি চার মারায় ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় কুমিল্লার হাতে।

ইনিংসের শেষ বলে এক রান নিয়ে প্রথমবারের মতো বিপিএলে অংশ নেয়া কুমিল্লাকে শিরোপা এনে দেন কাপালী। আর পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাটে-বলের পাশাপাশি কাপালীর মত ক্রিকেটারদের মনস্তত্ত্বে উদ্দীপ্ত করে আলোটা নিজের দিকে কেড়ে রেখেছিলেন ‘পরশ পাথর’ মাশরাফি।

ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান মাশরাফি। তাতে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রানের মাঝারি সংগ্রহ গড়েছিল বুলসরা। জবাবে শ্বাসরুদ্ধরকর সমাপ্তির ম্যাচে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়ান্সরা।

মাশরাফি সেদিন ব্যাট হাতে রানের খাতা খুলতে পারেনি। বল হাতে ৪ ওভারে ২৮ রান খরচায় নিয়েছিলেন ১টি উইকেট। কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ছিলেন তিনি। এমনকি ব্যাট-বল করার জন্য নয়, কেবল অধিনায়কত্ব করার জন্যই তাকে দলের নেওয়ার পরিস্থিতিও সৃষ্টি করেছিলেন ম্যাশ। বিনিময়ে দলকে শিরোপা উপহার দিয়েই আস্থার প্রতিদান দিয়েছিলেন তিনি।

রাত পোহালেই পর্দা উঠছে আরেকটি বিপিএলের। এবার আরো সুসংগঠিত ও শক্তিশালী দল গড়েছে কুমিল্লা। সঙ্গে তাদের তো আছেনই এক ‘মাশরাফি’। ক্রীড়াপ্রেমীদের মধ্যে এই আলোচনা তাই তুঙ্গে- আবারো হয়তো হাসতে যাচ্ছে মাশরাফির দল।

আবারো হয়তো শিরোপা উঁচিয়ে ধরবেন টাইগারদের রঙিন পোশাকের অধিনায়কই! বিপিএল যে এখন পর্যন্ত তাকে নিরাশ করেনি। শেষ পর্যন্ত কি হয় সেটি জানতে অবশ্য এক মাসের ক্রিকেট মহাযজ্ঞের দিকে নজর রাখতেই হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি