শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘৩ নম্বর সংকেত, দায়ী বিএনপি’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

255806_1

পূর্বাশা ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার না‌সিরনগরে হিন্দুপল্লীতে হামলায় বিএনপি জড়িত বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হা‌নিফের বক্তব্যের জবাব দিয়েছে দলটি।

শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবীক্রম নাসিরনগরের ঘটনা তুলে ধরেন।

এ সময় সাংবাদিকরা হানিফের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মেজর হাফিজ বলেন, ‘আজ দেশের আবহাওয়া খারাপ। সাগরে ৩ নম্বর সতর্ক সং‌কেত চলছে। হয়তো আওয়ামী লীগ নেতারা বলবেন এটার জন্যও বিএন‌পি দায়ী।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা আরও বলতে পারেন, এজন্য জিয়াউর রহমান দায়ী। তি‌নি বলে গেছেন ২০১৬ সালে আবহাওয়া খারাপ করতে হবে। আওয়ামী লীগ নেতাদের এ রকম হাস্যকর কথা কেউ বিশ্বাস করে না।’

এ সময় নাসিরনগরে হিন্দু জনগোষ্ঠীর নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগ দাবি করেন মেজর হাফিজ।

একইসঙ্গে তিনি নাসিরনগরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

মেজর হাফিজ আরও বলেন, ‘নাসিরনগরের ঘটনায় ক্ষমতাসীন দল তাদের দলীয় কর্মীদের বহিষ্কারের মাধ্যমে এ ঘটনায় কারা জড়িত তার স্বরূপ উন্মোচিত করেছে। তারপরেও বিষয়টি আরও পরিষ্কার করার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের জন্য দাবি জানাচ্ছি।’

এরআগে শুক্রবার মেজর হাফিজের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল নাসিরনগরের ঘটনাস্থল পরিদর্শন করে।

ওই প্রতিনিধিদলে আরও ছিলেন, বিএনপির সাবেক পানিসম্পদমন্ত্রী গৌতম চক্রবর্তী, রুমি ফারহানা, বিএনপি নেতা একরামুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলন মেজর হাফিজ তারই বিস্তারিত তুলে ধরে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ধ্বংসলীলা দেখে মর্মাহত। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ফেসবুকে পোস্ট করা একটি ছবির মাধ্যমে ইসলাম অবমাননার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের বাড়িঘরে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এরপর গতকাল শুক্রবার ভোরে আরেক দফা হামলা হয় হিন্দুপল্লীতে। পুড়িয়ে দেয়া হয় ৫টি বসতবাড়ি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি