স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে এক বিবস্ত্র যুবক অবাধে চলাফেরা করার কারনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরাসহ সকল শ্রেণি পেশার লোকজন বিব্রতকর অবস্থায় দিনাতিপাত করছে। এব্যাপারে উপজেলা আইনশৃংখলা সভায় কয়েক দফা আলোচনার পরও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি উপজেলা প্রশাসন। জানা যায়, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকুই দক্ষিণপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আমিনুল ইসলাম আমিন (৩২)। তিন ভাই, দুই বোনের মধ্যে আমিন ছিল দ্বিতীয়। জন্মের পর থেকে আমিন কারো সাথে কোন কথা বলত না। তার বয়স যখন ৬ বছর তখন থেকে সে বাড়ীতে খুব একটা থাকত না। গায়ে কাপড় পড়িয়ে তা ফেলে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত।
তার বাবা আবদুর রাজ্জাক এ প্রতিনিধিকে বলেন, আমিনের শুধু একটাই দোষ সে বিবস্ত্র হয়ে ঘোরাফেরা করে। কিন্তু সে কারো কোন ক্ষতি করে না। তাকে ভাল করার জন্য অনেক জায়গায় অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েছি। অনেক দুর-দুরান্ত থেকে অনেক লোকজন তার কাছে আসে উপকার পাবার জন্য। যারা উপকার পেতে আসে সে শুধু তাদের পিঠে হাত বুলিয়ে দেয়। আর তা থেকেই তারা উপকার পায়। অনেক রিক্সা চালক ও অটোচালক তাকে নিয়ে সারাদিন ঘোরাফেরা করে। লোকজন তাকে যে টাকা পয়সা দেয় তা চালকরা নিয়ে নেয়। প্রতি বছর তার নামের উপর ভক্তরা আমার বাড়ির পাশে ওরছের আয়োজন করে। এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কথা বলে জানা যায়, আমিন কোন ফকির নয়। সে মানসিক ভাবে অসুস্থ্য। ইসলামের দৃষ্টিতে সে শরীয়তের বাইরে চলাফেরা করে।
বিবস্ত্র এ যুবককে রাস্তায় ঘোরাফেরা করতে দেখে স্কুল ও কলেজে যাতায়াতের সময় মেয়েরা বিব্রতকর অবস্থায় পরে যায়। ছোট ছেলে মেয়েদের বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হন অভিভাবকরা। তার এ অবাধে জন সম্মুখে চলাফেরার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকার সুশীল সমাজ থেকে শুরু করে সকল শ্রেণি পেশার লোকজন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা আইনশৃংখলা সভায় আলোচনা করেছি। তার অভিভাবকসহ এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে পরামর্শ করে শীঘ্রই এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।


















































