ভারতে একদিনের মধ্যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েছে সেদেশের চিকিৎসা করতে যাওয়া অসংখ্য বাংলাদেশি।
দেশটির সরকারের নির্দেশিকা থাকা সত্ত্বেও ৫০০-১০০০ টাকার নোট নিচ্ছে না অধিকাংশ হাসপাতাল ও ওষুধের দোকান, কোথাও কোথাও নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কোথাও বা বাড়ি বা হোটেলের মালিক জানিয়ে দিয়েছেন, ৫০০ বা ১০০০ টাকা নোট নেবেন না তাঁরা। নিত্যদিনের খরচখরচার বোঝাও দুর্বহ হয়ে উঠছে। সব মিলিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের পরিবারগুলির।
ঢাকার মালিবাগের বাসিন্দা হাসিনা আখতার ছেলেকে নিয়ে উন্নত চিকিৎসার আশায় প্রায় ২ মাস আগে গেছেন কলকাতায় । উঠেছেন একটি ভাড়াবাড়িতে। বুধবার সকালে সেই ভাড়াবাড়ির মালিক তাঁকে জানিয়ে দেন, অচল নোটে পেমেন্ট নেওয়া হবে না। সকালে বাজারে বেরিয়ে নিত্যদিনের খাওয়ার সবজি কিনতে গিয়েও একই সমস্যার মুখে পড়েন তিনি ।
এর পরে এদিন দুপুরেই হাসপাতালে ছেলের চিকিৎসার জন্য ৪৫০০০ টাকা হাসপাতালে জমা দিতে গেলে সেখানেও ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। দিশেহারা হয়ে কলকাতার নিউ টাউনে টাটা ক্যানসার রিসার্চ সেন্টারের গেটেই কান্নায় ভেঙে পড়েন হাসিনা আক্তার। শুধু হাসিনা আখতারই নয়, তার মত একই অবস্থা ভারতে চিকিৎসা করাতে যাওয়া অসংখ্য বাংলাদেশি পরিবারের। তাঁদের অনেকের কাছে নিত্যদিনের খাওয়ার মত খুচরো টাকার সঞ্চয়টুকু নেই। পরিবার পরিজন নিয়ে বিদেশে গিয়ে দিশেহারা অবস্থায় তাঁরা। কীভাবে পরিজনকে সুস্থ করিয়ে দেশে ফিরবেন, সেই চিন্তায় দিশেহারা এই পরিবারগুলি।

























































