ডেস্ক রিপোর্টঃ
হোয়াইট হাউজে প্রায় দেড়ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে মিডিয়ার সামনে আসলেন ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা। সাংবাদিকদের প্রশ্ন শুরু হওয়ার আগে ট্রাম্পকে আস্তে করে বললেন, প্রশ্ন শেষ হওয়ার আগে যাতে তিনি জবাব দেয়া শুরু না করেন। জবাবে হাসতে হাসতে ট্রাম্প বলেন, ‘ঠিক আছে, এটিই এ ধরনের শেষ ঘটনা।’
ট্রাম্পকে এ কথা বলেই তিনি সাংবাদিকদের প্রশ্ন শুরু করার অনুরোধ করেন।
নির্বাচিত হওয়ার পরপরই ওবামা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান। সে আমন্ত্রণ রক্ষা করে বৃহস্পতিবার সস্ত্রীক হোয়াইট হাউজে যান নব নির্বাচিত এ প্রেসিডেন্ট।
দীর্ঘ ১৮ মাসের নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প নানা বিষয়ে বিতর্কের সৃষ্টি করেন। সহ আলোচকের কথার মাঝখানে কথা বলা ও প্রশ্ন শেষ করার আগেই জবাব দিতে শুরু করে বিরক্তির সৃষ্টি করেছেন তিনি। সেসব থেকে বিরত রাখতেই কীনা ভালোভাবে মিডিয়া সামলানোর পরামর্শ দিলেন ওবামা।
ওবামার পরামর্শ মেনে ভালোভাবেই সংবাদ সম্মেলন সেরেছেন ট্রাম্প। ওবামার সঙ্গে দারুণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। ভবিষ্যতেও ওবামার সঙ্গে কাজ করতে চাওয়ার আগ্রহের কথাও জানান তিনি।
ট্রাম্প ও ওবামার মধ্যে এটিই প্রথম সাক্ষাৎ ও বৈঠক। বৈঠকে এ দুজন ছাড়া অন্য কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তার আগে ক্ষমতা হস্তান্তরের সব প্রক্রিয়া সম্পন্ন করার অঙ্গীকার করেছেন ওবামা।

























































