ব্রাজিলের সাথে হেরে বিশ্বকাপ মিশনে এমনিতেই ব্যাকফুটে আর্জেন্টিনা ফুটবল দল। বুধবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে জয় ছাড়া আর বিকল্প নেই আকাশি-নীল জার্সিদের। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অসুস্থই হয়ে গেলেন লিওনেল মেসি সহ আর্জেন্টিনার ফুটবলাররা।
ব্রাজিলের সাথে ম্যাচ শেষ করে সোমবার বুয়েন্স আয়ার্স থেকে ১ হাজার ১১৩.৭ কিলোমিটার দূরে সান জুয়ানে যায় মেসিরা। এখানেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু বিমানে এই যাত্রাপথে বেশ বেগ পেতে হয় মেসি-ডি মারিয়াদের। অতিরিক্ত ঝাঁকুনি ও ভ্রমণ জটিলতার কারণে সান জুয়ানে পৌঁছেই শিবিরের অধিকাংশ খেলোয়াড় অসুস্থ হয়ে যান।
এদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি সহ অ্যাঞ্জেলো ডি মারিয়া, ফুনেস মোরিরা। মেসি সহ অনেকে ধকল সহ্য করতে না পেরে বমিও করেছেন। আর্জেন্টাইন রেডিও শো লা রেড জানায়, বিমানের অতিরিক্ত ঝাঁকুনির কারণে মেসি ও অন্য খেলোয়াড়রা যাত্রার মাঝামাঝি সময়ে বমি করেন। দলের চিকিৎসকরা অবশ্য তাদের সুস্থ করে তুলতে যথাসাধ্য চেষ্টা করেছেন।
দলের প্রতিনিধি হোর্হে মিয়াদোসকুই বলেছেন, ‘ফ্লাইট একটু বেশি ঝাঁকুনি ছিল এটা সত্যি এবং খেলোয়াড়দের কয়েকজন অসুস্থও হয়ে পড়েছিল। কিন্তু সান হুয়ানে যাওয়ার সময় এমনটা মাঝেমধ্যেই হয়।’ তবে আর্জেন্টিনার গণমাধ্যম নিশ্চিত করেছে বিমান ভ্রমণের এই অসুস্থতায় বুধবারের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মেসি-মারিয়াদের খেলতে অসুবিধা হবে না।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা অবস্থান ষষ্ঠ স্থানে। কলম্বিয়ার বিপক্ষে জয় পেতে তাই মরিয়া আকাশি-নীল জার্সিরা। বুধবার বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিটে কলম্বিয়ার মুখোমুখি হবে দুইবার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।

























































