মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিঃসঙ্গ সেনাপতি যেন মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

258611_1

পূর্বাশা স্পোর্টস ডেস্ক:

সবাই বলে- মাশরাফি নাকি মাঠে থাকলেই চলে! তার পারফর্ম করা না করা বড় বিষয় নয়, মাঠে তার উপস্থিতিই বাকি ১০ জনের জন্য বড় শক্তি। কথাটা যে পুরোই সত্যি তার প্রমাণ গত ২ বছর খুব ভালো করেই দিয়েছেন তিনি। এখন বাংলাদেশের ক্রিকেট বলতে মাশরাফিকেও বুঝেন কোনো কোনো সমর্থক, ভক্ত।

কিন্তু চলতি বিপিএলে এ কেমন পরাজয় মাশরাফির। টানা চার ম্যাচে টস ভাগ্য মাশরাফির পক্ষে থাকলেও দলের পরাজয় চার ম্যাচেই। তবু সব বাধা পেছনে ফেলে নড়াইল এক্সপ্রেস যেন একাই লড়ে যাচ্ছেন। চলতি বিপিএলের রণাঙ্গনে মাশরাফি যেন এক নিঃসঙ্গ সেনাপতি।

উপমাটির বাস্তব দৃশ্য গত পরশু (সোমবার) আরও একবার দেখলো মিরপুরের গ্যালারি। ঢাকা ডাইনামাইটের দারুণ ব্যাটিংয়ে আসরের সর্বোচ্চ রান (১৯৪) তুলে সাবিক বাহিনি। সুউচ্চ এই রানপাহাড় অতিক্রম করতে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের শুরুটা ভালো হলেও পলকেই উইকেট পতনের ঝড় উঠে। একমাত্র বিপরীত মাশরাফি। যেন সমুদ্রের উত্তাল ঢেউ আর তুফানের মুখেও তীর সন্ধানী এই নাবিক।

কিন্তু তার ব্যাটও শেষ পর্যন্ত কুমিল্লার পরাজয় এড়াতে পারলো না। এক এক করে সাবিক আল হাসানের চারটি বলকে ছক্কায় পরিণত করলেন। ৩৫ বলে ২ চার ও ৫ ছক্কায় করলেন ৪৭ রান। এমন দানবীয় ব্যাটিংয়ের পরও দলকে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হলো।

টানা তিন ম্যাচ পরাজয়ের পর চতুর্থ ম্যাচে ব্যাট হাতে মাশরাফির প্রতিরোধ যে শেষ পর্যন্ত দলের জয় ছিনিয়ে আনতে পারেনি, সেটা স্বয়ং মাশরাফিকেও হয়তো পোড়াচ্ছে। তার এ লড়াই যে শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে—মাশরাফি-ভক্তদের জন্যও কি তা কম যাতনার! ম্যাচ শেষে মাশরাফি নিজেও যেন ধীরে মাঠ ছাড়লেন এক নিঃসঙ্গ-পরাজিত সেনাপতি রূপ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি