জানুয়ারিতে হোয়াইট হাউস ত্যাগের আগে শেষবারের মত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ইউরোপ সফর করছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। সফরে বিশ্বায়নের প্রতি নিজের অবস্থান, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির প্রতি ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত এবং সেই সাথে ট্রাম্পকে সর্তকবার্তা দেন ৮ বছর বিশ্ব শাসন করা এই নেতা।
রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ইউরোপজুড়ে যে ক্ষোভ ও শঙ্কা সৃষ্টি হয়েছে সফরে ট্রাম্পের অ্যাম্বাসেডরের ভূমিকা নিয়ে সেই অস্বস্তি দূর করার চেষ্টা করেছেন ওবামা। তবে ট্রাম্প প্রেসিডেন্সি নিয়ে কথা বলার সময় ওবামাকে খুবই বিপর্যস্ত এবং উদ্বিগ্ন দেখায়। ক্যাম্পেইন চলাকালে ট্রাম্প যে ভূমিকা গ্রহণ করেছিলেন সেটি বাদ দিয়ে মধ্যপন্থা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইনে যে রীতিবিরুদ্ধ প্রচারণা চালিয়েছেন এটি আধুনিক রাজনীতিতে সবচাইতে বিপর্যস্ত ফলাফল। তবে আমি ট্রাম্পকে বলেছি, নির্বাচনি আবেগ আর বর্তমান অবস্থা ভিন্ন, এখন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুধুমাত্র দেশের নেতা নন, তিনি আন্তর্জাতিক বিভিন্ন এজেন্ডাও বাস্তবায়ন করে থাকেন।
ওবামা আরও বলেন, যেই প্রেসিডেন্ট হোক না কেন, যেই চ্যান্সেলর থাকুন না কেন, যেই ইউরোপিয় ইউনিয়ন বা বিশ্বের যে কোন গণতান্ত্রিক দেশের নেতা হোক না কেন, তাদের কৌশলি, মধ্যমপন্থী এবং বৈশ্বিক হতে হবে। যদি আমরা শক্তিশালী ট্রান্সআটলান্টিক জোট গড়ে তুলতে না পারি, তাহলে আমরা আমাদের সন্তানের জন্য ঘৃণ্য এবং বিপদজনক পৃথিবী রেখে যাবো।
সংবাদ সম্মেলনে ন্যাটো জোটের ব্যাপারে ট্রাম্প সুর পাল্টাবেন বলেও আশা প্রকাশ করেন ওবামা। ট্রাম্পকে সতর্ক করে তিনি বলেন, যদি আপনি প্রেসিডেন্সি সম্পর্কে সচেতন না হন, তাহলে আপনি বেশি দিন টিকতে পারবেন না। মস্কো সিরিয়া ও ইউক্রেনের মত ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে যাবে যা আমেরিকানদের অনিষ্ট করতে পারে। তাই ভøাদিমির পুতিনের কাছ থেকে ট্রাম্পকে দূরে থাকার পরামর্শ এবং যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও আন্তর্জাতিক নিয়মের বাইরে গেলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দেন ওবামা।
গ্রিসের নেতাদের উদ্দেশ্যে করে ওবামা বলেন, যখন আমরা দেখি, বিশ্বব্যাপী অভিজাত লোকেরা, ধনী করপোরেটরা ভিন্ন নিয়মে বসবাস করছে, কর ফাঁকি দিচ্ছে, আইনে ফাঁক-ফোকরের অন্যায় ব্যবহার করছে, এগুলো অবিচারের অনুভূতিকে আরো গভীর করে তুলছে।
জার্মানিতে তিনি বলেন, আমাদের রাজনীতি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। উগ্র জাতীয়তাবাদ মাথা চাড়া দিয়ে উঠছে যা বৈশ্বিক গণতন্ত্রের জন্য হুমকিস্বরুপ। মানুষ রক্ষণশীল, উদার, ডানপন্থী বা বামপন্থী হোক তারা যদি আপোষ করতে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে নারাজ হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে তারা যদি স্বৈরতন্ত্রের মত গ্রহণ করেন এবং বিরোধীদের আশঙ্কার কারণ হয় তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে পড়বে।
মূলত এই সফরে ইউরোপীয় নেতারা ট্রাম্প প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে শঙ্কা করছেন তা কাটানোর সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন ওবামা। যদিও ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ন্যাটো’র বিরোধিতা, মেক্সিকো সীমান্তে ওয়াল তুলে দেওয়া, মুক্ত বাণিজ্যের বিরোধিতা, অভিবাসন বিরোধীনীতি এবং ব্রিটেনের ব্রেক্সিটের প্রতি সমর্থন জানিয়ে আসছেন।
সিএনএন, বিজনেস ইনসাইডার


























































