স্টাফ রিপোর্টারঃ
সেবার সুমহান ব্রত নিয়ে জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে নাগরিক সেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম এর ঐকান্তিক প্রয়াসে নব সংযোজন হতে যাচ্ছে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। রবিবার (২১ নভেম্বর) সকাল থেকে কুমিল্লা জেলায় পরীক্ষামূলক শুভ সূচনা করতে যাচ্ছে জেলা পুলিশ। সারাদেশে এই পদ্ধতি চালুর পূর্বে পাইলট জেলা হিসেবে কুমিল্লা জেলা পুলিশকে নির্বাচন করা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন জানান, পুলিশ ভেরিফিকেশন নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও জটিলতা নিরসন করে এই উদ্যোগ জিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে বাংলাদেশ পুলিশ কার্যকর অবদান রাখতে সক্ষম হবে। এ সময় পুলিশ হেড কোয়ার্টার্সের সিনিয়র সিস্টেম এনালিস্ট মোঃ আখতার আলী অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ ও প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্রীফ করেন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী ঃ
১। আবেদনকারীর পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার যে কোন একটি অবশ্যই সংশ্লিষ্ট মেট্রোপলিটন/জেলা পুলিশের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে এবং আবেদনকারীকে/ যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে তাকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে ।
২। বিদেশে অবস্থানকারী কোন বাক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সাথে দাখিল করতে হবে।
৩। মেশিন রিডেবল পাসপোর্টের (এম আর পি) এর ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র/স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্রের ফটোকপি ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস
১। অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদন পত্র ।
২। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি ।
৩। বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে (১-২২০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারী চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জ সহ ফি প্রদান।
আবেদনের নিয়মাবলী
১ম পর্যায়:
অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়েবসাইটে নিবন্ধন করে যে কেউ নিজের জন্য অথবা অন্যের পক্ষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবে। নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন।
২য় পর্যায়:
নিবন্ধিত ব্যবহারকারী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাইটে লগ-ইন করার পর Apply মেনুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন।
৩য় পর্যায়:
আবেদন ফরমের প্রথম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য, দ্বিতীয় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করুন। আপনার বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে।
৪র্থ পর্যায়:
আবেদন ফরমের তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেণ্টসমূহের স্ক্যান কপি আপলোড করুন।
৫ম পর্যায় :
আবেদন ফরমের চতুর্থ ধাপে আপনার এন্ট্রিকৃত সকল তথ্য দেখানো হবে। আবেদনে কোন ভুল থাকলে তা পূর্ববর্তী ধাপসমূহে ফেরত গিয়ে পরিবর্তন করা যাবে। তবে চতুর্থ ধাপে আবেদনটি সাবমিট করার পর আর কোন পরিবর্তন করার সুযোগ থাকবে না।
৬ষ্ঠ পর্যায় :
আবেদন ফরমের পঞ্চম ধাপে আপনি ফি পরিশোধ করতে পারবেন। আপনি যদি ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করতে চান তবে Pay Online বাটনে ক্লিক করুন। এটি আপনাকে পেমেন্ট গেটওয়ে সাইটে নিয়ে যাবে।
৭ম পর্যায় :
চালানের মাধ্যেমে ফি পরিশোধ করতে চাইলে Pay Offline বাটনে ক্লিক করুন। চালানের মাধ্যেমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন। তবে চালানের মূল কপিটি সংশ্লিষ্ট মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স বা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সেলে পৌছে না দেওয়া পর্যন্ত আপনার অনলাইন আবেদনটি কার্যকর হবেনা।
পুলিশ ক্লিয়ারেন্স নির্দেশনা লিংকঃhttp://pcc.police.gov.bd


















































