পূর্বাশা ডেস্ক:
শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য বিনিয়োগ ও পর্যটনে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ দুই প্রতিবেশী দেশ ভারত-বাংলাদেশে যাতায়াত করেন। এ যাতায়াত আরও সহজে, স্বাচ্ছন্দ্যে এবং সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশর মাঝে বিমান যোগাযোগ আরও ব্যাপক সম্প্রসারিত হওয়া উচিত বলে মনে করেন দুই দেশের নেতারা।
সোমবার সকালে বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ফ্লাইট চালু সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজের বিনির্মাণ ও বিকাশ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণবলে বেঠকে অভিমত প্রকাশ করা হয়।
এ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, লন্ডনগামী শিলং এর যাত্রীরা সিলেট বিমান বন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করতে পারবেন এছাড়াও সিলেট থেকে সরাসরি কক্সবাজার পর্যটন নগরীতে যেতে পারবেন। মন্ত্রী এ ব্যাপারে উদ্যোগের আশ্বাস দেন।
উন্নয়নকে ত্বরান্বিত করতে আঞ্চলিক জোট গঠনে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক ও মন্ত্রীর একান্ত সচিব এটিএম নাসির মিয়া উপস্থিত ছিলেন।


























































