শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দগ্ধদের কণ্ঠ থেকে শুধুই অস্পষ্ট ভাষায় যন্ত্রণা প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

p_20161127_130159-550x354

পূর্বাশা ডেস্ক:

যন্ত্রণা অস্পষ্ট শব্দ প্রয়োগ করে প্রকাশ হচ্ছিল খাদিজার মুখ থেকে। স্মরণ করছেন- করুণ স্বরে জঁপছিলেন, আল্লাহর নাম, ডাকছিল বাবা-মাকে। তারপরও কমছিল না তার যন্ত্রণা। এক পর্যায়ে তার গলা শুকিয়ে আসে। পানি খাওয়ার আকুতি জানায়, বাবা দুলাল মৃধার কাছে। সরু পাইপ দেয়া অর্ধভর্তি পানির একটি প্লাস্টিকের মগ মেয়ের মুখের কাছে এগিয়ে দেন বাবা। গোঙানোর মাঝেই দুইবার পানি টেনে পান করেন খাদিজা। এরপর দীর্ঘশ্বাস ছেড়ে হাঁফ ছেড়ে আবারও করুণ কণ্ঠে স্মরণ করেন আল্লাহকে।

আমাদের সময় ডটকম সরেজমিনে রোববার বেলা সাড়ে ১২টার দিকে খাদিজার পাশে গেলেই ওইসব দৃশ্য দেখা যায়।

এই খাদিজা সম্প্রতি আশুলিয়ার জিরাবোস্থ বিডি গ্যাস লাইটার তৈরি কারখানার শ্রমিক। গত ২২ নভেম্বরের আগুনে মুখম-ল, দু’হাত-পা ঝলসানো ১৪ বছরের খাদিজা ভর্তি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের রেড ইউনিটে।

সরেজমিনে যখন খাদিজাকে দেখা যায়, তার কিছুক্ষণ আগে পুরু ব্যান্ডেজে মোড়া তার ক্ষতস্থান ড্রেসিং করা হয়। খাদিজার শয্যা রেড ইউনিটের বারান্দায়। সেখানে করুণ কণ্ঠে গোঙাচ্ছিলেন তিনি। বাবা হাতে প্লাস্টিকের লাল পাখা দিয়ে মেয়েকে বাতাস দিচ্ছিলেন, উপরে ঘুরছিল বৈদ্যুতিক পাখাও। তারপরও খাদিজার যন্ত্রণার গরম কী কমে? তিনি বারবার বাবাকে বলছিলেন, জোরে বাতাস দিতে, বাতাস কম লাগলে তার নাকি প্রাণ বের হবার উপক্রম হয়।

বরগুনার আমতলী উপজেলা সদরের বাসিন্দা, খাদিজার বাবা দুলাল মৃধা পাতলা কমলা রঙা কম্বল গায়ে জড়ানো মেয়ের দিকে তাকিয়ে আমাদের সময় ডটকমকে বলেন, মাইয়ার এই চাইট্টানি (ছটফট) মুই কেমনে সহ্য করি।

শুধু খাদিজার কণ্ঠ থেকেই নয়, আশুলিয়ার ঘটনায় দগ্ধ প্রত্যেকের অবস্থা একই। আর্তনাদ করতে করতে গলা শুকিয়ে যাচ্ছে তাদের। সেবায় নিয়োজিত থাকা স্বজনরা নীরবে অশ্রুসিক্ত হচ্ছেন, আফসোসের সুরে জোরে ডাকছেন আল্লাহকে, আড়ালে-সামনাসামনি ভাগ্যের উপর দোষারোপের ঢিল ছুঁড়ছেন, আশায় আছেন- দগ্ধ স্বজনের পূর্ণ সুস্থ্যতার জন্য।

খাদিজার পাশের একটি শয্যায় পাওয়া যায়, দুই রতি ওজনের স্বর্ণের নাক ফুল পরিহিত ১৫ শতাংশ দগ্ধ রীনাকে। প্রায় দেড় মাস ধরে তিনি কারখানাটিতে কাজ করতেন। তাকেও ড্রেসিং করা হয় রোববার সকালেই। যন্ত্রণায় রীনা ও খাদিজার ছটফট করার গতি ছিল একই। মুখম-ল, দু’হাত-পা ঝলসানো রীনা অস্পষ্ট কণ্ঠে বলেই যাচ্ছিলেন, আল্লা বাঁচাও, জানডা যাইতাছে গা, আমারে ধরো, বাতাস দেও, বাতাস, বাতাসৃৃ..

তার উপর ঘুরছিল বৈদ্যুতিক পাখা। তার মা সেলিনা ঘন ঘন দুহাত বদল করে প্লাস্টিকের লাল রঙা হাত পাখা সচল রাখছিলেন। কিন্তু মেয়ের যন্ত্রণা, গোঙানো তো থামে না। ওড়না দিয়ে চোখের কোণে জমে যাওয়া পানি মুছতে মুছতে আমাদের সময় ডটকমকে বলেন, আমার আর সহ্য হয় না বাবা, মা হইয়া ছেলেমেয়ের এইসব কী চোখে দেখন যায়?

যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রীনা মায়ের কাছে আকুতি জানান, তাকে বসিয়ে দিতে। ৩ মিনিট সময় ব্যয় করে বহুকষ্টে মা তাকে বসিয়ে দেন। এসময় রীনার দু’হাত ছিল উঁচুু করে রাখা। যন্ত্রণার ভয়ে হাত-পা, মুখ- কোনো কিছুই নাড়ানো তার জন্যে দুষ্কর ছিল। শয্যায় বসিয়ে দুপাশে বালিশ দেয়া হয় রীনার। কিন্তু নিজ মেরুদ-ের উপর ভর করে বসে থাকা অসম্ভব ছিল রীনার জন্যে। কিছুক্ষণের মধ্যেই স্বামী মেহেদী আসেন। স্বামীই রীনার মেরুদ- হয়ে রীনার পেছনে বসেন, আর রীনা পেশায় নাইট গার্ড স্বামীর উপর ভর দিয়ে বসতে সক্ষম হন।

মেহেদী বলেন, শুধু বাচ্চার মা-ই পুড়ে নাই, ও-ই জ্বলতাছে না। আমার ভেতর যে কী করতাছে, বোঝাইতে পারুম না আপনেগোরে।

এ দম্পত্তি তাদের দুই মাস বয়সী কন্যা শিশু মীমকে রেখে আসতে বাধ্য হয়েছে- জিরাবোতে একজন স্বজনের কাছে।

মানসিকভাবে একটু শক্ত বোঝা গেল বিবাহিত ও নিঃসন্তান হাফিজাকে। তাকেও রোববার সকালে ড্রেসিং করা হয়। তিনি নীরবে শুয়ে ছিলেন শয্যায় যন্ত্রণা হয় কি-না- প্রশ্নে তিনি বলেন, যন্ত্রণা তো হয়ই, সহ্য করতাছি, চিল্লাইয়া কী হইব। সবখালি গিলতাছি।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে পাওয়া হিসাব অনুযায়ী- বর্তমানে এখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র, হায়ার ডিপেন্ডেন্সি ইউনিট এবং ওয়ার্ড মিলিয়ে ১৯জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি