প্রথম বারের মতো সিরিয়ার ইসলামিক স্টেট(আইএস) জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল বাহিনী। রবিবার ইসরায়েল বাহিনী চার আইএস জঙ্গিকে হত্যা করে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
ইসরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল পিটার লার্নার জানান, রবিবার ভোরে আইএস জঙ্গিরা ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান হাইটসের একটি সামরিক চৌকি লক্ষ্য করে গোলাগুলি শুরু করে। পরে ইসরায়েল একটি যুদ্ধবিমান সিরিয়া সীমান্ত এলাকায় জঙ্গিদের লক্ষ্য করা পাল্টা হামলা চালায়। এতে মেশিন গানবাহী একটি গাড়ি বিধ্বস্ত হয় এবং এতে থাকা সব যাত্রী নিহত হয়। ধারণা করা হচ্ছে, গাড়িটিতে থাকা অস্ত্রধারী সবাই আইএসের সহযোগী সংগঠন ‘শোহাদা আল-ইয়ারমৌক’ এর সদস্য। এই এলাকাটি তাদের নিয়ন্ত্রণে ছিল।
পিটার লার্নার আরও জানান, সংঘর্ষে গোলানি ব্রিগেডের একজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে।
আইএস জঙ্গিদের হামলা নস্যাৎ করে দেয়ায় ইসরায়েল বাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা আইএসের কোনো কর্মকাণ্ড বরদাশত করবো না। তাছাড়া, আমাদের সীমান্ত ঘেঁষে সিরিয়ায় যুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে দেব না।’
১৯৬৭ সালে সিরিয়ার সঙ্গে ছয় দিনের যুদ্ধে গোলানের ১২০০ বর্গকিলোমিটার দখল করে নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় দখলকৃত অংশটির স্বীকৃতি দেয়নি। সিরিয়াতে চলমান গৃহযুদ্ধে এই এলাকাটিতে কোনো আক্রমণ হয়নি।
ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাত এড়িয়ে চলছে। তবুও সীমান্তবর্তী এলাকায় অনিচ্ছাকৃত গুলির ঘটনা ঘটলেও সিরিয়ান সেনাবাহিনী লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার অভ্যন্তর থেকে কোনো ধরনের হামলা হলে ইসরায়েল সেনাবাহিনী সিরিয়ার সরকারকেই দায়ী করে।

























































