শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে প্রবাসীদের বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

135434a

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নব নির্বাচিত প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার দুপুরে নিউ ইয়র্কের বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পার্শ্ববর্তী নিউ জার্সি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি সংগঠনও সমাবেশে অংশ নেয়।

সমাবেশে বাংলাদেশে চলমান সহিংসতা এবং সংখ্যালঘুসহ উপজাতি ও নৃতাত্ত্বিক সম্প্রদায়ের ওপর শোষক শ্রেণির অত্যাচারের প্রতিবাদ জানানো হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নবেন্দু বিকাশ দত্ত বলেন, “দেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলা ও নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না। অবিলম্বে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত প্রবাসে আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আগামী ১১ই ডিসেম্বর রবিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউজের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশে দলমত নির্বিশেষে প্রবাসীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাস্টিস ফর হিন্দুজের সভাপতি ভিনসেন্ট ব্রুনো, হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক সুবীর বর্মন, পূজা সমিতির চন্দন সেনগুপ্ত, বিষ্ণু গোপ, অমিত ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্যামল কর, সামু রুদ্র, জ্যামাইকা হিন্দু কমিউনিটির নেতা প্রিয়তোষ দে প্রমুখ। এ ছাড়া মনি সাহা, প্রবীর সাহা, সামু রুদ্র, অজিত সাহা, শিখা সাহা, ঝুমা সেন, পূনরা তালুকদার, গৌতম সেন, রূপক আচার্য, ভজন রায়, প্রিয়তোষ সাহা, ডা. পুজা সাহানি, সহদেব তালুকদার, সমর রায়, প্রদীপ সেন, তপন সুত্রধর প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি