শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফিলিপাইন সিনেটকে পুনঃতদন্তের অনুরোধ বাংলাদেশের


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

bangladesh-bank-and-rcbc-550x283

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের দায় নিতে ফিলিপাইন রিজাল কমার্শিয়াল ব্যাংক অস্বীকৃতি জানানোর পর ফিলিপাইন সিনেটকে এর তদন্ত নতুন করে শুরু করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

চুরি হওয়া টাকা দ্রুত ফেরত পেতে ফিলিপাইনে অবস্থান করা বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বুধবার বলেন, বাংলাদেশ ব্যাংকের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি হওয়া টাকা আরসিবিসিতে স্থানান্তর হয়েছে। আমরা ফিলিপাইন সরকারের কাছে টাকা ফেরতের পদক্ষেপ গ্রহণে জন্য অনুরোধ করেছি।

আনিসুল হক আরো জানান, বাংলাদেশের অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম, অর্থ মন্ত্রণালয়ের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ একটি প্রতিনিধি দল ফিলিপাইনের অর্থমন্ত্রী, গেমিং (জুয়া খেলা) নিয়ন্ত্রক, বিচার বিভাগ এবং সিনেটের স্পিকারের সাথে সাক্ষাৎ করেছেন। চুরির টাকা ফেরত পেতে তারা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ফিলিপাইনের সিনেটের প্রেসিডেন্ট অ্যাকুইলনো পিমেন্টার জুনিয়র বলেছেন, শীঘ্রই সিনেটে এই কেলেঙ্কারির শুনানি শুরু হবে।

ফিলিপাইনে চুরি হওয়া ৮১ মিলিয়ন রিজার্ভের মধ্যে মাত্র ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করা হয়েছে, যা ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ২.৭ মিলিয়ন ডলার জব্দ করা হয়েছে। আইনমন্ত্রী বলেন, ইতোমধ্যে ২০ মিলিয়ন ডলার পরিশোধ করে আরসিবিসি দায় স্বীকার করেছে। ফিলিপাইন সরকার ও প্রশাসনের পদক্ষেপের কারণে আমরা ১৫ মিলিয়ন ইতোমধ্যে বাংলাদেশে পাঠাতে সক্ষম হয়েছি। আরসিবিসিকে অবশ্যই পুরো টাকা ফেরত দিতে হবে। তাদের দায় অস্বীকার করার উপায় নেই, কারণ ফিলিপাইনেরই কোন লোক এর সাথে জড়িত থাকায় টাকা চুরি হয়েছে।

অপরদিকে মঙ্গলবার আরসিবিসি’র আইনজীবী বলেন, তার ক্লায়েন্টের বাংলাদেশ ব্যাংককে ক্ষতিপূরণ দেওয়ার কোন উপযুক্ত কারণ নেই। বাংলাদেশ ব্যাংকের অবহেলা ছিল এবং নিজস্ব ক্রুটির কারণেই প্রাথমিক নিরাপত্তা ভঙ্গ হয়েছিল। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক এর জবাবে বলেছেন, আরসিবিসি’র বাংলাদেশ ব্যাংককে দোষারোপ করা ‘অপ্রাসঙ্গিক’ এবং ব্যাংকটির নগদ অর্থ চুরির চেক গ্রহণের দায় নেয়া উচিত। এটি খুবই নিন্দনীয়, আরসিবিসিকে এর জন্য তাদের কার্যক্রম ব্যাখা করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সুভঙ্কর সাহা বলেন, বাংলাদেশ ব্যাংক ও নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক উভয়ের পক্ষ থেকেই অর্থ স্থানান্তর স্থগিত করতে আরসিবিসিকে নির্দেশনা পাঠানো হয়েছে। কিন্তু আরসিবিসি তা বাস্তবায়ন করেনি। আরসিবিসির নগদ পরিশোধ করার ঘটনা ছিল অস্বাভাবিক। এ ছাড়া স্থানান্তরের পদ্ধতিও ছিল অস্বচ্ছ।

বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিনিধিদল ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ও অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিলের সাথে দেখা করবেন।  দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল গত সপ্তাহে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আরসিবিসির পাঁচ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এছাড়া রিজাল ব্যাংক পূর্বে দায় স্বীকার করেছে এবং এই কারণেই আমরা আমাদের অর্থ ফেরত চাচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি