শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নোট সঙ্কট : স্বামীকে ২৪ ঘণ্টা স্ত্রীর লাশ নিয়ে বসে থাকতে হলো


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

262737_1
পূর্বাশা ডেস্ক:

ভারতে নোট সঙ্কটের আরেকটি উল্লেখযোগ্য ভোগান্তির ঘটনা ঘটেছে দেশটির উত্তর প্রদেশে। ব্যাংক থেকে টাকা তুলতে না পেরে স্ত্রীর লাশ ২৪ ঘণ্টা ধরে আগলে বসে রইলেন প্রৌঢ় স্বামীকে।

খবরে প্রকাশ, উত্তরপ্রদেশের বস্তি জেলার সেক্টর নাইনের বাসিন্দা পেশায় ফল-বিক্রেতা ৬৫ বছরের মুন্নিলালের স্ত্রী ৬২ বছরের ফুলমতী মারণ ক্যানসারে দীর্ঘ রোগভোগের পর সোমবার দুপুরে মারা যান।

স্ত্রীর শেষকৃত্যের জন্য তিনি ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গেলে, সেখানে জানিয়ে দেওয়া হয় মঙ্গলবারের আগে তিনি টাকা পাবেন না।

লাল জানান, অঞ্চলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট রয়েছে। সেখানে প্রায় ১৫ হাজার টাকা রয়েছে। লাল জানান, তিনঘণ্টা ধরে ব্যাংকে থাকার পরও, তিনি টাকা পাননি।

তার অভিযোগ, স্ত্রীর মৃত্যুর ঘটনা জানানো সত্ত্বেও ব্যাঙ্কের লোকেরা তার কথায় কর্ণপাত করেননি। লাল জানান, ব্যাঙ্ক মনে করে, যে তিনি মিথ্যে বলছেন।

এই ঘটনা জানাজানি হতেই, ব্যাংকের সামনে প্রতিবাদ ধরনায় বসেন সাধারণ মানুষ। যদিও তাতে কোনও লাভ হয়নি। এরপর স্ত্রীর নিথর দেহকে বাধ্য হয়ে বরফের চাঁইয়ের ওপর রেখে দেন, যাতে তাতে না পচন ধরে।

এখানেই শেষ নয়। মঙ্গলবার, তিনি যখন সকালে ব্যাংকে যান, তখনও তাকে টাকা তুলতে দেওয়া হয়নি বলে অভিযোগ লালের। এরপর প্রতিবেশীদের মদতে স্থানীয় রাজনৈতিক নেতার সাহায্য নেওয়া হয়। খবর দেওয়া হয় সংবাদমাধ্যমে।

অতঃপর, চাপে পড়ে ব্যাংক ম্যানেজার তাকে নিজের কেবিনে ডেকে দুপুরে ১৫ হাজার টাকা তুলে দেন লালের হাতে। এই প্রেক্ষিতে ব্যাংক ম্যানেজারের সাফাই, সোমবার ব্যাংকের সব টাকা শেষ হয়ে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে নতুন টাকা আসার পরই তিনি মুন্নিলালকে টাকা দেন।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক এন পি সিংহ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি