ডেস্ক রিপোর্টঃ
বিভিন্ন কোম্পানি তাদের পণ্য বাজারজাত ও গ্রাহক টানতে চোখ ধাঁধানো নানা অফার দেয়। নানা লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের অফার সম্পর্কে গ্রাহকদের অবহিত করার চেষ্টা করে তারা। যেমন একটার সঙ্গে অন্যটা ফ্রি, পণ্যে এতো শতাংশ বেশি পাবেন। এতাে টাকা ছাড় ইত্যাদি। পর্যটনের ক্ষেত্রেও পিছিয়ে নেই এসবে। বিভিন্ন প্যাকেজে বিভিন্ন রকম ছাড় দিয়ে থাকে তারা।
তবে ইতালিতে সম্পূর্ণ অন্য রকম এক অফার দিয়েছে স্থানীয় পর্যটন কাউন্সিল।
ইটালির পর্যটন শহরের হোটেল বিনামূল্যে ছুটি কাটানোর অফার দিয়েছে দম্পতিদের। শর্ত হচ্ছে, তারা যখন হোটেলে থাকবেন তাদের গর্ভধারণ করতে হবে। আর এসময় হোটেলে থাকা-খাওয়াও ফ্রি।
সম্প্রতি ইতালিতে সন্তান জন্ম দেয়ার হার উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালিতে জন্ম হার সবচেয়ে কম। ২০১৫ সালে প্রতি এক হাজারের মধ্যে মাত্র ৮টি শিশু জন্ম নিয়েছে। তাই শিশু জন্মের হার বাড়াতে কর্তৃপক্ষ এ অভিনব উদ্যোগ নিয়েছে। এছাড়া স্থানীয় পর্যটন ব্যবসাকে চাঙা করতে দম্পতিদের এ প্রস্তাব দেয়া হয়েছে।
স্থানীয় পর্যটন কাউন্সিল জানিয়েছে, হোটেলগুলোতে থাকার ৯ মাস পর ওইসব দম্পতিদের সন্তানের জন্মের সনদ দেখাতে হবে। যদি তারা সন্তানের জন্ম সনদ দেখাতে পারেন তাহলে তাদের জন্য বিনামূল্যে হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। না হলে এর হোটেলে তাদের পেছনে যে খরচ হয়েছিল তা ফেরত দিতে হবে।
তবে স্থানীয় কর্তৃপক্ষ এই প্রকল্প থেকে দূরে থাকছে। তারা বলছে, এই প্রকল্প তদন্ত করে দেখা হবে যে এটা আসলে আসিসি অঞ্চলের ইমেজের জন্য কতটা প্রযোজ্য। তবে অনেকে এটাকে উদ্দেশ্যপ্রণোদিত কাজ বলে কঠোর সমালোচনা করতেও ছাড়েনি।

























































