আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, মানুষ বুড়ো হলে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয়। বিএনপির নেতারা ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয়েছে। যা বর্ণপ্রাণী হনুমানের এ রোগ হয়। তাই ড্যাব নেতাদের বলব আপনাদের মানসিক সুস্থতা পরীক্ষা করুন।
রোববার সকালে ধানমন্ডি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, সজিব ওয়াজেদ জয় জিয়াউর রহমান সম্পর্কে যা বলেছেন তা দালিলিক ভাবেই বলেছেন। জিয়া ৭১ এ পাকিস্তানের গুপ্তচরের ভূমিকা পালন করেছে। ৭৫’র ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকারীদের দোসর জামায়াতের পূণর্বাসন করেছে। খুনিদেরকে বিদেশে কাজের ব্যবস্থা করেছে।
ড. হাছান মাহমুদ বলেন, সজিব ওয়াজেদ জয় এ সত্য কথাটি বলেছেন বলেই বিএনপি অসংলগ্ন কথা বলে বেড়াচ্ছেন।
সম্প্রতি বিসিএস পরীক্ষা ৫ জানুয়ারির নির্বাচন ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম যে বক্তব্য দিয়েছেন এবিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘এইচ টি ইমাম কি বলেছেন ব্যক্তিগতভাবে তা আমি পড়িনি। এ বিষয়ে কিছু জানি না। তাই কোনো মন্তব্য করতে পারবো না’।
এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা ও পরবর্তীতে রাজাকারদের সহযোগিতার কারণে ইতিমধ্যে জনমনে প্রশ্ন জেগেছে তার বীর উত্তম খেতাব কেড়ে নেয়ার বিষয়ে। তবে আওয়ামী লীগ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে কি না সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যুদ্ধের সময় খালেদাকে জিয়া চিঠি লেখার পরও তিনি পাকিস্তানিদের অধীনে ছিলেন। পরে জিয়া তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হননি। এই কারণে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্ম নিয়ে মানুষের প্রশ্ন আছে।
অপরদিকে ইয়াহিয়া বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহী বানাতে চেয়েছিলেন। এখন তারেক জিয়াও বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহী বানাতে চায়। ইয়াহিয়া ও তারেক জিয়ার বক্তব্য এক হয়ে যাওয়ায় তারেকের জন্ম নিয়েও জনমনে প্রশ্ন জেগেছে।
সজীব ওয়াজেদ জয়কে পৃথিবীর অন্যতম কম্পিউটার বিজ্ঞানী উল্লেখ করে তিনি বলেন, জয় হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। তিনি বাংলাদেশের অহংকার। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বরং বাস্তব। সেটা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকেই এসেছে।
জয়কে নিয়ে এই মানহানিকর বক্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে মামলা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, শুধু ফখরুলই নয় তাদের আরো অনেক নেতাই জয়কে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। এজন্য যে কেউ তার ব্যক্তিগত জায়গা থেকে মামলা করতে পারেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলি, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, উপ-দফতর সম্পাদক অসিম কুমার উকিল, সুজিত রায় নন্দি, এসএম কামাল হোসেন প্রমুখ।


























































