শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইমামের বক্তব্যের জবাব খুঁজছে আ.লীগ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৪

 

পূর্বাশা ডেস্কঃasdfddfsa

৫ জানুয়ারির নির্বাচনের পর থেকেই বর্তমান সরকারকে অবৈধ দাবি করে আসছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। ভোটারবিহীন ওই নির্বাচনকে তামাশা উল্লেখ করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নতুন একটি নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিরোধী এই জোট। কিন্তু সরকার বিরোধীদের দাবিকে পাত্তা দিচ্ছে না।

যদিও এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের শীর্ষ পর্যায়ের বেশ ক’জন ব্যক্তি মুখ ফসকে বলেছিলেন, এক বছরের মধ্যেই একটি নতুন জাতীয় নির্বাচন হবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বোল পাল্টিয়ে পাঁচ বছর ক্ষমতায় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী-এমপিরা। তারা মধ্যবর্তী নির্বাচনের সব ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেন।

তাদের দাবি, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। সংবিধান মোতাবেক পাঁচ বছর ক্ষমতায় থেকে নির্বাচন দেয়া হবে। সে হিসেবে ২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয়।

এক বছরের কথা বলে নির্বাচন করলেও তা আর মানতে চাইছে না আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় উঠলেও তা কানে নিচ্ছে না ক্ষমতাসীন এই দলটি। কিন্তু বিধিবাম। এক বছর না যেতেই নিজেদের নির্বাচনকে নিজেরাই প্রশ্নবিদ্ধ করে ফেললেন। এখন খুঁজছেন নতুন কৌশল। কিভাবে এ যাত্রায় পার পাওয়া যায়।

সম্প্রতি ৫ জানুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য দিয়েছেন এক তরফা ওই নির্বাচনের আগে জনপ্রশাসন বিভাগের শীর্ষ কর্তা হিসেবে দায়িত্ব পালনকারী এইচ টি ইমাম। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত। তার বক্তব্য নিয়ে মহাবিপাকে পড়েছে আওয়ামী লীগ। শোনা যাচ্ছে, তার এই বক্তব্যের কারণে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর বিদেশ সফরও বাতিল করা হয়েছে।

আসছে ডিসেম্বরে পূরণ হতে চলেছে ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের এক বছর মেয়াদ। আর এই মেয়াদের আগেই আন্তর্জাতিক মহল থেকে নতুন নির্বাচনের চাপ আসার কথা। এরই মধ্যে নির্বাচন নিয়ে কথা বলতে ঢাকা সফরে আসার কথা শোনা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের। আগামী ২৭ নভেম্বর তিনি ঢাকায় আসতে পারেন।

এর আগেই এইচ টি ইমামের বক্তব্যের যথোপযুক্ত জবাব তৈরি করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। নয়তো প্রশ্নবিদ্ধ ওই নির্বাচন নিয়ে গোটা আন্তর্জাতিক মহলের কাছেই জবাবদিহি করতে হতে পারে।

অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, এইচ টি ইমামের বক্তব্যের পর প্রধানমন্ত্রী নাকি তার বিদেশ সফর বাতিল করেছেন। নির্বাচনের বৈধতা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়তে পারেন এমন আশঙ্কা থেকেই নাকি প্রধানমন্ত্রী তার যুক্তরাজ্য ও ইতালি সফর বাতিল করেছেন। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অসুস্থতার কারণেই বাতিল করা হয়েছে এই সফর।

তবে কেউ কেই মনে করছেন, নিশা দেশাই বাংলাদেশ আসতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। এর মধ্যেই একটি যৎসই জবাব প্রস্তুত চায় আওয়ামী লীগ।

যেভাবে বোমা ফাটালেন ইমাম:

গত ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় ৫ জানুয়ারির নির্বাচনের সময় পুলিশ প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ‘আমি নিজে অনেক উপজেলায় গিয়েছি। সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে আছে। তারা বুক পেতে দিয়েছে। জামায়াত-শিবিরের হামলায় পুলিশের ১৯ জন প্রাণ দিয়েছে। কী নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের।’

এ সময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘তোমরা বিসিএসে লিখিতটা ভালো করো। ভাইভাটা আমরা দেখবো। তোমরা কি মনে করো, তোমাদের জন্য নেত্রীর (শেখ হাসিনা) চেয়ে অন্যের দরদ বেশি। নেত্রীর সঙ্গে যখন কথা হয় তখন উনি সব সময়ই তোমাদের কথা বলে যে কিভাবে আমাদের ছেলেদের জন্য কিছু করা যায়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি