শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পূর্ববর্তী


‘অভিনন্দন হে কবি শুভেচ্ছাও হে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৪

matin-bairagi-1416120812‘অভিনন্দন হে কবি শুভেচ্ছাও হে’- এই শিরোনামে কবি মুহম্মদ নূরুল হুদার ৬৫তম জন্মবার্ষিকীতে লিখেছিলেন মতিন বৈরাগী। আজ ১৬ নভেম্বর, কবি মতিন বৈরাগীর জন্মদিন। তার জন্মদিনে তাকেও এই শিরোনাম দিয়ে অভিবাদন জানালাম।

কবি মতিন বৈরাগী ৭০-এর দশক থেকে বাংলা কবিতায় জড়িয়ে আছেন। কবি হিসেবে তিনি শক্তিমান। তার শব্দচয়ন, কাব্যভাবনায় রয়েছে মাটি ও মানুষের ঘ্রাণ। সমাজের প্রতি দায়বদ্ধতাও প্রকাশ পেয়েছে তার কবিতায়। কিন্তু কবি মতিন বৈরাগী একান্ত নিভৃতচারী। নিজেকে গুটিয়ে রাখেন প্রচার-প্রসারের নিওন আলো থেকে। অহেতুক তাড়াহুড়া না করে কবিতাকে ভালোবেসে হঠাৎ হঠাৎ আত্মপ্রকাশ করেন তিনি। নিভৃতচারী কবি মতিন বৈরাগীর কবিতার ভাষা প্রাঞ্জল। বিষয় মানুষ-সংশ্লিষ্ট, চিত্রকল্প চিত্তাকর্ষক। তার কবিতায় তিনি লিখেছেন :
`তুমি তো কেবল বলেছো তোমার কথা
আমিই ছিলাম নীরব নম্রমুখী প্রান্তর ছিলো
আকাশ আলোয় ছেয়ে তরু-পল্লব যেথায় যেমন সুখী`
(সূত্র: তুমি তো কেবল)

প্রেমের সাথে কবির গভীর সম্পর্ক। প্রেম নিয়ে মতিন বৈরাগী লিখেছেন :
`কখনো রয়েছো খুব কাছাকাছি
কখনো গিয়েছো দূর
কখনো হৃদয়ে হাহাকার তুলে বাজাও বিষাদ সুর
কখনো তোমার তিতির পরাণ বনের মোহন সাজ
কখনো অমল আশার আলোও বিবেকের কারুকাজ
(সূত্র: আলোকিত ভালোবাসা)

মতিন বৈরাগীর ‘দুঃস্বপ্ন থেকে’ কবিতাটিতে রয়েছে ৭১-এর কথা। কবিতাটিতে তিনি লিখেছেন :
‘ওপাশে ঝলমলে এক সূর্য সবুজের জমিনে উড়ছে
আহা, কী-যে অদ্ভুত বেঁচে থাকা’
(সূত্র: দুঃস্বপ্ন থেকে)

মতিন বৈরাগীর কবিতায় জীবনের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও দুঃস্বপ্নের কথকতা বর্ণিত হলেও তা কখনো নীতিকথায় আবৃত হয়ে যায়নি। বরং স্বপ্নকে আরো কাছাকাছি আনার চেষ্টা করেছেন অবিরত। যেমনটি কবি মুহম্মদ নূরুল হুদাকে নিয়ে লিখেছেন :
`তুমি বললে; এসো কবি বসি কবিতার কথা বলি
বলাবলি করি একথা সেকথা, কথা কথা কথা
তুমি কিছু বলো আমিও বলি, লিখি তার কিছু’
(সূত্র: টিকে থাক কবির লড়াই)

মতিন বৈরাগী সর্ম্পকে মাহমুদ কামাল লিখেছেন : ‘‘ কবি মতিন বৈরাগীর কবিতা সমগ্র পাঠের সময় চোখ আটকে গেল-‘আকাশটা ছিলো আকাশের মতো একা’ পঙ্‌ক্তির ওপর। বলাবাহুল্য কবির কাব্যভাষা একেবারেই পরিস্কার এবং তা মেঘমুক্ত আকাশের মতোই। সামাজিক প্রতিবেশ, রাষ্ট্রীয় অনাচার, মানুষের কুটিলতা এসব নেতিবাচক বিষয়কে তিনি তুলে এনেছেন কবিতাগুলোতে।’’ মতিন বৈরাগীর কাব্যগ্রন্থের সংখ্যা বারো। মাটি ও মানুষের এই কবির জন্মদিনে অনন্ত ভালোবাসা।

মতিন বৈরাগীর কবিতা

দুঃখকে যত্ন দাও

দুঃখকে যত্ন দাও সে তোমাকে আলোক দেখাবে
দুঃখের ভেতরে যে অনিদ্রা তুমি তাকে ডাকো আনন্দ
উপলব্ধির ভাষায় গাইবে রাতের বিহঙ্গ
গভীর তল থেকে আরও গভীরে নামো হিম-গহ্বরে
খুব সামান্য আলো বিস্ময়ের অন্য আরাধনা নিদ্রার নিস্তব্ধতা
সে হল এক ভাষার কাঠামো যাকে তুমি চেনো কদাচিৎ

দুঃখকে খোড় ইতিহাসের বাঁক দেখে দেখে নিঝুম রাত্রিতে
দুঃখ তোমারই কাছে কত শত বছরের গীতি
হোমারের অন্ধ চোখ থেকে ছড়িয়ে পড়া আলোর ইতিহাস
তাকে শুশ্রুষা দাও এক একটি শ্লোক পড়ে বাঁধ একটি গিরায়
দেখো সে সেবিকা তেরিসার মুখ
কোমলকান্তি লোভের বিপরীত মুগ্ধতা

ভালোবাসো দুঃখকে উপলব্ধির ভাষায় দেখো সকল বৃক্ষের
অন্তরূপ একই আয়নায় জোছনা-শরীর
সে পরম, দুঃখই দিতে পারে
নতুন বর্ণমালা বাসনার ছেদহীন রংয়ের প্রমা
আর দিগন্ত ভাঙা বোধে আলোর উদ্ভাস

দুঃখকে যত্ন দাও সেই পথ আঁধারের উল্টোদিকে
দুঃখই নীতিকথা বেদের সমান
– See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=76986#sthash.c5wHion2.dpuf



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি