শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নবীনগরে এস,এস,সি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর
উপজেলায় চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে বোর্ডের নির্ধারিত ফি’এর চেয়ে অতিরিক্তি ফি আদায় করছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গত ৫ নভেম্বর থেকে এস.এস.সির ফরম পূরণ শুরুর পর উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসা স্কুলের ছাত্র/ছাত্রীদের কাছ থেকে পরীক্ষার ফি’ ও বাধ্যতামূলক কোচিং এর নামে অতিরিক্ত টাকা আদায় করা হচেছ।
জানা গেছে, এ বছর এস.এস.সি ও দাখিল পরীক্ষা ফরম পূরণের জন্য বোর্ড ও কেন্দ্র খরচ বাবদ নিয়মিত পরীক্ষার্থীদের জন্য মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১ হাজার ৩৫৫ টাকা, বিজ্ঞান বিভাগে ১ হাজার ৩৮৫ টাকা নির্ধারন করা হয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আরো ১০০ টকা যোগ করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ফরম পূরণ বাবদ ২ হাজার ২৫০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, বোর্ডে ফি, কোচিং ফি, ফরম পূরণ সংক্রান্ত কাজে শিক্ষকদের শিক্ষা বোর্ডে যাতায়ত, প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ, মডেল টেস্ট, অনলাইনে ফরম পূরণের খরচ সহ বিবিধ খাতে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অথচ স্কুলে বাধ্যতামূলক ভাবে কোচিং করার কোন বিধিবিধান সরকারীভাবে নেই এবং নির্ধারিত ফি এর বাইরে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। অথচ ওই অতিরিক্ত টাকা যোগার করতে অভিভাবকরা হিমসিম খাচ্ছেন।
এ ব্যাপারে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দুলাল মিয়া বলেন, স্কুলে কোচিং করা হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, বিষয়টি আমরা জানিনা, আমাদেরকে অবগত করানো হয় না, আপনারা খবর নেন এ টাকা কোথায় যাচ্ছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বশির আহম্মেদ সরকার পলাশ বলেন, সরকারী বিধান না থাকলেও দীর্ঘদিন ধরে এ কোচিং পদ্বতি চালু হয়ে আসছে বিধায়, সেই অনুযায়ী চলছে। তাছাড়া ছাত্রীদের প্রস্তুতি ভাল হওয়ার জন্য কোচিং প্রয়োজন আছে। তবে জোর করে কচিং ফি আদায় করা হচ্ছে কথাটি সত্য নয়, যাদের সামর্থ আছে তারা দিচ্ছেন। বোর্ডের ফি বাদেও স্কুলের আনুসাংগীক কিছু খরচের জন্য সামান্য অতিরিক্ত নেয়া হচ্ছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ বলেন, বোর্ড এর নির্ধারিত ফি’র বেশী টাকা আদায় করার কোন সুযোগ নেই, স্কুলে কোচিং করার বিষয়ে সরকারি নিদের্শনা নেই। এ রকম অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি