ডেস্ক রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যায় অংশ নেন দুজন। কিলিং মিশনটিও ছিল মাত্র দুই মিনিটের। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, তদন্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মোবাইল ফোনালাপ। চাঞ্চল্যকর এ হত্যাকা-ে গতকাল ১১ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। বদলি করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মাহবুবুর রহমানকে। অন্যদিকে, দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষক সমিতি। লিলন হত্যাকা-ে উগ্রপন্থি সাম্প্রদায়িক গোষ্ঠীর দিকেই পুলিশের সন্দেহ। গ্রেফতার জামায়াত নিয়ন্ত্রিত ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীরকে জিজ্ঞাসাবাদে এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতে হাতের ছাপ মিলেছে। তদন্তকারীরা বেশি নজর দিচ্ছেন মোবাইল ফোন টাওয়ারের তথ্যের দিকে, যা গতকালই পুলিশের হাতে এসেছে। এ থেকে খুনিদের সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আরএমপি কমিশনার মাহবুবুর রহমানকে ঢাকায় বদলির আদেশ দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শামসুদ্দিন। মাহবুবুর রহমান নিজেই এ তথ্য নিশ্চিত করে জানান, আগামীকালই নতুন কমিশনার দায়িত্ব গ্রহণ করতে পারেন। জানা গেছে, ঘটনার আগে ও পরের দুই ঘণ্টা ওই এলাকার টাওয়ারের আওতায় যে মোবাইল ফোনগুলো ব্যবহৃত হয়েছে, তার তালিকা হাতে পেয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিহত শিক্ষকের মোবাইল ফোনও। হত্যাকা-ের দিন আর তার আগে কার কার সঙ্গে তিনি কথা বলেছিলেন, সেগুলোর আলোকে তদন্ত পেতে পারে নতুন মাত্রা। কয়েক মাস আগে ক্যাম্পাসের কোয়ার্টার ছেড়ে বিহাসের পাশের সুনসান ওই এলাকায় বাসা ভাড়া নেন শিক্ষক শফিউল ইসলাম লিলন। একাই থাকতেন বাসাটিতে। পুলিশ নিশ্চিত, নির্জন রাস্তার পাশের ঝোপঝাড় ও দেয়াল পার হতে হয়েছে খুনিদের। সেখান থেকে পাওয়া আলামতগুলোয় হাতের ছাপ মিলেছে। আরএমপি কমিশনার জানান, শফিউল ইসলাম হত্যায় অংশ নেন দুজন। স্থায়িত্ব ছিল মাত্র দুই মিনিট। ঘটনাস্থল থেকে উদ্ধার করা চাপাতিতে একাধিক হাতের ছাপ রয়েছে। দেয়ালের ছাপের সঙ্গে চাপাতির ছাপও মিলেছে। এ ছাড়া ইনজেকশনের সিরিঞ্জটি আদৌ খুনিরা ব্যবহার করেছেন কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে। বিনোদপুরের ইসলামিয়া কলেজ অধ্যক্ষ হুমায়ুন কবীর আটকের পর এ হত্যার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।১১ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন : আটকদের মধ্যে ১১ জনকে গ্রেফতার দেখিয়ে গতকাল সন্ধ্যায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা মতিহার থানার ওসি আলমগীর হোসেন। তাদের মধ্যে রয়েছেন নগরীর বিনোদপুর এলাকার ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর, বাগমারার আবদুল্লাহ আল মাহমুদ, চৌদ্দপাই এলাকার মশিউর রহমান, মোশাররফ হোসেন, ডাঁশমারীর হাসিবুর রহমান, রেজাউল করিম, দুর্গাপুরের ফজলুল হক, দেওয়ানপাড়ার মো. সাগর, জিন্নাত আলী, শ্যামপুরের আরিফ ও পাবনার ঈশ্বরদীর সাইফুদ্দিন। আজ এ ব্যাপারে শুনানি হবে। ওসি জানান, রবিবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে হাসিব ও দীপু নামে দুজন আটক হন। পরে ইসলামিয়া কলেজের অধ্যক্ষসহ ছয়জনকে আটক করা হয়।ক্লাস পরীক্ষা বর্জন : সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামের হত্যাকারীদের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষক সমিতি। আজও বর্জন করা হবে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণবকুমার পা-ে।সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে সিনেট ভবনের সামনে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন। ঢাকা, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়েও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রসঙ্গত, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তরা অধ্যাপক ড. শফিউল ইসলামকে হত্যা করে। পরদিন রাবি রেজিস্ট্রার অধ্যাপক ড. এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

























































