নাঙ্গলকোট প্রতিনিধি ঃ
কুমিল্লা জেলা বিএনপির সহ-সভাপতি, নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহবায়ক মোবাশ্বের আলম ভুঁইয়াকে রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ শুক্রবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি নুরুল আমিন জসিম বলেন, গত ১৭ নভেম্বর রাত পৌনে বারোটায় ঢাকার কাকরাইলস্থ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান জমজম কার সেন্টার থেকে উপজেলা বিএনপি আহবায়ক মোবাশ্বের আলম ভুঁইয়াকে ষড়যন্ত্রমূলক ও অন্যায়ভাবে সরকারের পেটুয়া পুলিশ বাহিনী গ্রেফতার করে জেল-হাজতে পাঠায়। একই সময় উপজেলা বিএনপি সদস্য মাওলানা ফারুক আহম্মেদ ও উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক মোদাচ্ছের হোসেন লিটনকেও গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়। নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার সর্বত্র মিছিল সমাবেশ হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি করছি। অবিলম্বে তাদের মুক্তি না দিলে অবৈধ ও ভোটারবিহীন নির্বাচিত স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে নাঙ্গলকোট থেকে আরো কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক একেএম নুরুল আফছার নয়ন, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আবু ইউছুফ মজুমদার, পেড়িয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা যুবদল সহ-সভাপতি মাইনুল ইসলাম মিজান, পৌর সভা যুবদল সভাপতি মাহবুবুল আলম সিজার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ কামাল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদল আহবায়ক মনিরুল ইসলাম, পৌরসভা ছাত্রদল আহবায়ক শামিমুর রহমান শামীম, যুগ্ন আহবায়ক শাখাওয়াত হোসেন সুমন, মাসুদ রানা, কলেজ ছাত্রদল আহবায়ক কামরুজ্জামান কামরুল, হেসাখাল ছাত্রদল যুগ্ন আহবায়ক কামরুজ্জামান, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন প্রমুখ।


















































