শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে হত্যার ৪৯ দিন পর এক যুবকের গলিত মরদেহ উদ্ধার, গ্রেফতার ৭


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

ইমতিয়াজ আহমেদ জিতু//

purbasha 1---4
হত্যার ৪৯ দিন পর তোতা মিয়া (১৮) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা নগরীর ডুলিপাড়া চৌমুহনীর ঈদগাহ সংলগ্ন রাজ্জাক মিয়ার কচুরিপানা ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয় । কচুরিপানার ডোবা থেকে তোতা মিয়ার শরীরের ৬/৭টি হাড় পাওয়া গেছে। পুরো শরীরের মাংস গলে গেছে।
নিহত মোঃ তোতা মিয়া কুমিল্লা সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের শিবেরবাজারের শরীফপুর গ্রামের মনা মিয়ার ছেলে। তোতা মিয়া একজন গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া আসামীরা হলেন, নগরীর ২য় মুরাদপুর গ্রামের মৃত মোঃ চান মিয়া মেম্বারের ছেলে আজাদ(৫৮)। আজাদ দক্ষিণ চর্থা এলাকায় জসিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। অন্য আসামিরা হলেন, দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকার মৃত মানিক চৌধুরীর ছেলে জুম্মন (২৮), একই এলাকার রিপন, সৈকত, অপু, ইমরান ও ফুল মিয়া।
ডিবি পুলিশ সূত্র জানায়, গত ৩ অক্টোবর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় নামক স্থানে তোতা মিয়াকে বেধড়ক মারধর করে হত্যা করে পুকুরে লাশ গুম করে।
পরবর্তীতে গতকাল ২১ নভেম্বর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহ কামাল আকন্দ, উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম ঘটনার সাথে জড়িত সন্দেহে জুম্মনকে আটক করে।
জুম্মন ডিবি পুলিশের কাছে হত্যাকান্ডের সত্যতা স্বীকার করে। পরে জুম্মনের তথ্যমতে মূল হত্যাকারি আজাদকে গ্রেফতার করা হয়। তাদের সাহায্যে লাশ গুমের স্থান সনাক্ত করা হয়। পরে ঘটনার সাথে জড়িত আরো ৫ জনকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম পিপিএম জানায়, আজ বিকেলে কুমিল্লা আর্দশ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ শামীমের নেতৃত্বে ডিবি পুলিশ তোতা মিয়ার গলিত মরদেহটি কচুরিপানার ডোবা থেকে উত্তোলন করে। গলিত দেহটি ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২৫।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি