দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসাম উপজেলা আজগরা ইউপির বাতাবাড়িয়া গ্রামে নিখোঁজের ১৫ দিন পার হলেও এখনও খোঁজ মেলেনি গৃহবধু শেফালীর। এ ঘটনায় শেফালীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলেও ওই গৃহবধুকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে অপহরন কিংবা নিখোঁজের ঘটনায় সন্দেহের তীর গৃহবধু শেফালীর স্বামী ও পিতার বাড়ীর লোকজন একে অপরের দিকে ছুড়ছেন বলে স্থানীয় লোকজন জানায়।
অভিযোগ ও পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার আজগরা ইউপির কৃষ্ণপুর গ্রামের এনামুল হকের মেয়ে শেফালী আক্তার (১৯) গত ৮ নভেম্বর একই ইউপির বাতাবাড়িয়া গ্রামের শ্বশুর বাড়ী থেকে নিখোঁজ হয়। ১৭ নভেম্বর বিকেলে শেফালীর মা নাছিমা বেগম মেয়েকে দেখার জন্য তার শ্বশুর বাড়ী বাতাবাড়িয়া গ্রামে গিয়ে মেয়েকে না দেখে শেফালীর শ্বশুর-শ্বাশুড়ীর কাছে জানতে চাইলে তারা কোন সুদত্তোর দিতে পারেনি। শেফালীর শ্বশুর-শ্বাশুড়ী তার মাকে জানায় ৬/৭ দিন আগ থেকে তাদের গৃহবধূকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
স্থানীয় লোকজন জানায়, শেফালীর স্বামী শাহ পরান অনেকটা বেপরোয়া প্রকৃতির লোক ছিল। এর আগেও তার বিভিন্ন অপকর্মের কারনে দুটো স্ত্রী চলে যেতে বাধ্য হয়। প্রায়ই সময় গৃহবধুর স্বামী শ্বশুর-শ্বাশুড়ীসহ পরিবারের অন্যান্য সদস্যরা নির্যাতন করত। এ নিয়ে বহুবার সামাজিক ভাবে মিমাংসা হয়েছে। বর্তমানে শেফালী নিখোঁজের ঘটনাকে অনেকটা স্থানীয় লোকজন দুই পরিবারের মধ্যে নাটকীয় বলে মনে করলেও দুই পক্ষের অবস্থানে একটি রাজনৈতিক বলয় কাজ করছেন।
শেফালীর শ্বশুর ছিদ্দিকুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন আমার ছেলে শাহপরানকে তৃতীয় বারের মত এ মেয়েকে বিয়ে করাইয়ে ভুল করেছি। কারন শেফালী ছিল অনেকটা উম্মাদ ভারসাম্যহীন ও মাইগ্রীন সম্যসার রোগী। বিয়ের পর থেকে বেশির ভাগ সময় শেফালী তার পিতার বাড়ী কৃষ্ণপুরেই থাকতেন। আবার প্রায়ই সময় বাড়ীর কাউকে কিছূ না বলে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ীতে চলে যেতো।
নিখোঁজের বাবা এনামুল হক জানায়, গত ৬/৭ মাস পূর্বে লাকসাম উপজেলার আজগরা ইউপির বাতাবাড়িয়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে শাহ পরানের সঙ্গে শেফালী আক্তারের বিয়ে হয়। যৌতুকের জন্য শেফালীর স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ী তাকে হত্যা করে লাশ গুম করে রাখার আশংকা করা হচ্ছে। এনামুল হকের অভিযোগ শ্বশুর বাড়ী থেকে ৬/৭ দিন আগে তাদের মেয়ে নিখোঁজ হলেও ঘটনাটি ওই বাড়ীর কেউ তাদের কে জানায়নি। ১৭ নভেম্বর বিকেলে মেয়েকে দেখতে গিয়ে তারা নিখোঁজের ঘটনাটি জানতে পারে।
এ ঘটনায় নিখোঁজের বাবা এনামুল হক বাদী হয়ে লাকসাম থানায় মেয়ে শেফালীর স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ীকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লাকসাম থানা পুলিশের এস.আই সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধু উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে এবং অভিযোগের তদন্ত চলছে।

















































