শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দশ মাস দায়িত্ববঞ্চিত বিশেষ দূত এরশাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

ershad-5-e1416683871623→  ঢাকা অফিস ঃ

ধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে গত ১২ জানুয়ারি দায়িত্ব পেয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে তা কেবল কাগজে কলমেই। বাস্তবে বিশেষ দূত হিসেবে কোনো কাজই পাননি সাবেক এই রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে বিদেশে সফর কিংবা বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রেও তাকে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। দায়িত্ব পাওয়ার পর চীন, ভারত সফর করলেও কোনোটিই এ দায়িত্ব সংশ্লিষ্ট ছিলো না। ফলে বিশেষ দূতের দায়িত্ব থেকে একরকম বঞ্চিতই হয়ে আছেন এরশাদ।

তৃতীয়বারের মতো রোববার আবারও দেশ ছাড়ছেন এরশাদ। এটিও কোনো রাষ্ট্রীয় সফর নয়। মালয়েশিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দলের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তিনি। ২৮ নভেম্বর এরশাদের দেশে ফেরার কথা রয়েছে।

দায়িত্ব পাওয়ার পরে দেশের বাইরে এরশাদের প্রথম সফর ছিলো চীনে। দেশটির ক্ষমতাসীন দলের আমন্ত্রণে ২০ জুলাই তিনি সেখানে যান। দুই মাস পরে ২০ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে যান এরশাদ। ভারতে ছয়দিনের এ সফরটি এরশাদের ব্যক্তিগত সফর বলে জানা যায়। তার ছেলে এরিখের স্কুল ভর্তি ও প্রাসঙ্গিক বিষয় নিয়েই সে সফরটি ছিলো।

পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন বিশেষ দূতের এ দায়িত্ব পাওয়ার পরেই বেশ কিছু সুবিধা পেতে শুরু করেন এরশাদ। গাড়িতে ওড়ে জাতীয় পতাকা, সংসদে এরশাদের জন্য দেয়া হয় অফিস। সেখানে বসানো হয়েছে এরশাদের নামফলক। একজন একান্ত সচিব, একজন সহকারী একান্ত সচিব ও দুজন স্টাফও দেয়া হয়েছে সে অফিসে। এসব পেলেও এরশাদকে দায়িত্ববঞ্চিত করে রাখা হয়েছে বলে অভিযোগ অনেকেরই।

বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন এরশাদ নিজেও। দায়িত্ব পাওয়ার পরেও কেন দায়িত্ববঞ্চিত, এমন প্রশ্ন করা হলে শনিবার রাতে এরশাদ বলেন, ‘আমি এ বিষয়ে কমেন্ট করতে চাইছি না। মাত্র তো সরকার গঠন হলো। দেখা যাক, কী হয়।’

এরশাদের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায়, এরশাদকে খুশি করতেই এমন দায়িত্ব দেয়া হয়েছিলো। মূলত এরশাদকে দিয়ে কোনো কাজ করাতে রাজি নন প্রধানমন্ত্রী।

জাতীয় পার্টির একাধিক নেতা জানান, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হওয়ার পরে এরশাদের জন্য সম্মানজনক আর কোনো পদ বাকি ছিলো না। প্রধানমন্ত্রী এরশাদকে তার সঙ্গে ভিড়িয়ে রাখতেই এমন কৌশল অবলম্বন করেছেন।

তবে এরশাদ তার প্রয়োজনে বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলামেইলকে তিনি বলেন, ‘তিনি প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে বিদেশ সফর করবেন। সেটা তার প্রয়োজন অনুযায়ী। তবে তিনি চাইলে যে কোনো সময়ে বিদেশ সফর করতে পারেন।’

এ পর্যন্ত এরশাদ বিশেষ দূতের কী কী দায়িত্ব পালন করেছেন, এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি তার মতো করে কাজ করছেন। তার দপ্তরের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি যখন যেটা চাইছেন, সেটা দেয়া হচ্ছে।’

একটি সূত্র থেকে জানা যায়, বিশেষ দূত হিসেবে দায়িত্ব পাওয়ার পরে এরশাদ কয়েকটি দেশের ভিসার জন্য আবেদন করলেও সেগুলো নাকচ করে দেয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে চীন সফরের কথা থাকলেও পরবর্তীতে তাকে সে সফরে নেয়া হয়নি। এমনকি প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরে রাখা হয়নি এরশাদকে। গত ২৭ অক্টোবর মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে সফর করেন প্রধানমন্ত্রী। সরকারের একাধিক এমপি ও মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এসব সফরে থাকলেও এ তালিকায় এরশাদের নাম পাওয়া যায়নি। এজন্য এরশাদ খানিকটা ক্ষুব্ধ বলেও তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

জাতীয় পার্টির নেতাকর্মীরা জানায়, এরশাদের সঙ্গে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এরশাদ নিজেও এসব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কন্নোয়ন করতে আগ্রহী বলে জানা গেছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। দায়িত্ব পালনের সুযোগ এরশাদ কখন পাবেন এ বিষয়ে কিছুদিন আগেও তার দলীয় লোকজন আশাবাদ প্রকাশ করলে এখন তারা কোনো কথা বলতে আর রাজি নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি