নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি সত্ত্বেও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরে দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে রাজাকারমুক্ত করে কলঙ্কমুক্ত করতে হবে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, যারা ইতিহাস বিকৃত করছেন, তারাই বিকৃত হয়ে যাবেন। কারণ, ইতিহাস তার আপন গতিতে চলে। তিনি বলেন, মানুষের বিভক্তি দেখলে কষ্ট হয়। সংবিধান নিয়ে কোনো জাতি বিভক্ত হতে পারে না। এজন্য সবার উচিত এক হওয়া। কারণ, সংবিধান থাকলে এ জাতি বেঁচে থাকবে।
জঙ্গিবাদের হুঙ্কার আওয়ামী লীগ সরকারকে দেখিয়ে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে জঙ্গিবাদের সৃষ্টি করেছিল বিএনপি সরকার। আওয়ামী লীগ জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে। সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আমি কোনো আইনজীবী পরিষদেরই সদস্য নই। আমি সুপ্রিম কোর্ট বারের একজন সদস্য। আমি চাই, বারের নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তি যেন জয়লাভ করে।
তিনি বলেন, আমাদের এমন পথ খুঁজে বের করা দরকার যেন আইনজীবীরা সবাই এক হন। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। সভায় আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট শেখ আখতার-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট এস এম মুহিত, অ্যাডভোকেট ড. বশির আহমেদ, অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, অ্যাডভোকেট শ ম রেজাউল করীম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সম্পদক রবিউল আলম।

























































