বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ত্রীকে বার্ন ইউনিটে রেখে স্বামী পালালেন বিদেশে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসাম উপজেলার বড়বাম গ্রামের নুপুর নামে এক গৃহবধুর অগ্নিদগ্ধ দেহ মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ফেলে রেখে গোপনে পালিয়ে যায় স্বামী ইসমাইল হোসেন। এ নিয়ে এলাকার জনমনে নানাহ কানাঘুষা হচ্ছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানা পুলিশ কিছুই বলতে পারছে না। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে উপজেলার আজগরা ইউপির বড়বাম গ্রামে। সে ওই গ্রামের কুয়েত প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী নূপুর আক্তার। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু পথযাত্রী ওই গৃহবধূ বর্তমানে গত ৬ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে।
জানা যায়, লাকসাম উপজেলার আজগরা ইউপির বড়বাম গ্রামের কুয়েত প্রবাসী ইসমাইল হোসেনের সাথে পৌরশহরের দক্ষিণ লাকসাম এলাকার কাজী আবদুর রহিমের মেয়ে নূপুর আক্তার (২৪) সাথে ৪/৫ বছর আগে বিয়ে হয়। তাদের বুক জুড়ে নাহিদ নামের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে এবং নুপুর বর্তমানে পুনরায় তিন মাসের অন্তঃসত্ত্বা। স্বামী ইসমাইল হোসেন বিদেশ যাওয়ার জন্য নুপুর ও তার পিতার নিকট এক লাখ টাকা দাবি করেন। গত রবিবার সন্ধায় স্বামীর দাবিকৃত এক লাখ টাকা নুপুরের পিতা মোবাইল ফোনে দিতে অস্বীকার করায় স্বামী ও তার পরিবারের লোকজন নুপুরের উপর নির্যাতন চালায়। কিছুক্ষন পর নুপুরের ঘরে আত্মচিৎকার শুনে লোকজন ছুটে এসে গৃহবধু নুপুর অগ্নিদগ্ধ হয়ে জ্বলসে দেখে লোকজন মূমূর্ষ গৃহবধু নুপুরকে প্রথমে লাকসাম শহরের একটি প্রাইভেট হাসপাতাল পরে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়। নুপুরের শারিরীক অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠায়। এমতাবস্থায় নুপুরের সাথে তার স্বামীসহ আত্মীয়স্বজন ঢাকা গেলেও রাতেই স্বামী ইসমাইল সকলের অজান্তে কুয়েত চলে যায়।
সূত্রটি আরো জানায়, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক জানিয়েছেন নুপুরের মাথা, বুক, দুই হাতসহ শরীরের প্রায় ৮০ ভাগ অগ্নিদগ্ধে পুড়ে মাংস খসে গেছে। সে এখন মৃত্যু পথযাত্রী। গৃহবধুর স্বামী ইসমাইল হোসেন স্ত্রীকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে গভির রাতে কাউকে না জানিয়ে বিদেশ চলে যাওয়ায় অগ্নিদগ্ধের ঘটনার নেপথ্যে কি কারন রয়েছে তা নিয়ে দুই পরিবারের লোকজন মুখ না খুললেও এলাকার মানুষ বলছেন ভিন্ন কথা।
স্থানীয় লোকজন জানায়, গৃহবধু নুপুর স্বামীর যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় স্বামীর লোকদের নির্যাতনের শিকার হয়ে নিজের গায়ে আগুন লাগাতে পারে বলে এলাকায় প্রচার হলেও সাধারন মানুষ তা বিশ্বাস করতে পারছে না। গৃহবধূ নুপুর ছিলেন বদমেজাজী। এছাড়া প্রায়ই সময় স্বামী , শ্বাশুড়ী, ননদসহ অন্যদের সাথে সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এমন কি গৃহবধু নুপুরের স্বামী ও পিতার বাড়ী নিয়ে এলাকার জনমনে রয়েছে যথেস্ট বির্তক। গত সপ্তাহব্যাপী এ অগ্নিদগ্ধ ঘটনা নিয়ে এলাকায় হরেক রকম কানাঘুষা হচ্ছে। তবে এলাকার কেউ কেউ গৃহবধূ নুপুরের গায়ে কেরসিন ঢেলে আগুন দিয়ে ঝঁলসে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের বিরুদ্ধে।
এ ঘটনায় নূপুরের পিতা কাজী আবদুর রহিম স্থানীয় সাংবাদিকদের সাথে কোন কথা বলতে নারাজ। তবে তার মুঠোফোনের কথাবার্তায় অনেকটা অদৃশ্য শক্তির চাপে রয়েছে বলে পরিলক্ষিত হয়। মেয়ের স্বামীর দাবীকৃত টাকা না দেয়ার পর থেকে আমার মেয়ের অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। আমার মেয়ে এখন মৃত্যু পথযাত্রী । মেয়ে নুপুরের পক্ষ নিয়ে পিতা আবদুর রহিম রহস্যজনক কারণে থানা অথবা আদালতে মামলা না করায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
এ বিষয়ে কুয়েত প্রবাসী স্বামী ইসমাইলের বড় ভাই তোফাজ্জল হোসেন জানান, ছোট ভাইয়ের বউ নূপুর স্বামীকে বিদেশ যাওয়ার টাকা না দেয়ায় তার পিতার উপর ক্ষিপ্ত হয়ে নিজের গায়ে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে আমরা অগ্নিদগ্ধ নুপুরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আছি। নুপুর অনেকটা আশংকামুক্ত। আমরা দুই পরিবার মিলে-মিশে নুপুরের চিকিৎসার কাজ করে যাচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি