শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা শহরটাই জনসভার মাঠ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৪

sakku_banglanews24_386709564
আসাদ জামান ও ইমতিয়াজ আহমেদ জিতু
পাঁচ লাখ লোক সমাগমের টার্গেট নিয়ে স্থানীয় টাউন হল মাঠে শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জনসভা। কিন্তু মাঠের ধারনক্ষমতা মাত্র পাঁচ হাজার! বাকি লোকের জায়গা সংকুলান করতে পুরো শহরটাকেই ‘জনসভার মাঠ’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিয়েছে কুমিল্লা জেলা ২০ দলীয় জোট।এ ব্যাপারে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু শুক্রবার বাংলানিউজকে বলেন, কুমিল্লা টাউন হল মাঠে সর্বসাকুল্যে ৮/১০ হাজার লোক ধরবে। বাকি লোক শহরের বড় বড় সড়ক ও মোড়ে অবস্থান নেবে। আশপাশের খোলা জায়গাতেও বিএনপি এবং ২০ দলীয় জোটের নেতা-কর্মী ও সমর্থকরা সমবেত হবেন।শুক্রবার (২৮ নভেম্বর) সরজমিনে দেখা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাষণ শহরের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে ইতোমধ্যে মহানগর জুড়ে তিন শতাধিক মাইক লাগানো হয়েছে। আর এ কাজটি সম্পন্ন করেছে ঢাকার ঐতিহ্যবাহী ‘তাহের মাইক’।

দলীয় সূত্রে জানা গেছে, যেহেতু মূল সমাবেশস্থল টাউন হল মাঠে প্রত্যাশিত নেতাকর্মীর ১০ ভাগেরও জায়গা হবে না তাই নগরীর ঈদগাহ মোড়ে ১টি, পুলিশ লাইন মোড়ে ১টি, রাণীর দিঘীরপাড়ে ১টি, হোটেল সালাউদ্দিন মোড়ে ১টি, রাণীরবাজার মোড়ে ১টি ও রাজগঞ্জ মোড়ে ১টিসহ মোট ১২টি প্রজেক্টর স্থাপন করা হবে। এতে করে মাঠে উপস্থিত না থেকেও খালেদা জিয়ার বক্তব্য শোনা এবং দেখার সুযোগ পাবেন কুমিল্লাবাসী।এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন বাংলানিউজকে বলেন, মাঠ ব্যবহারের জন্য জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর প্যাডে টাউন হল কর্তৃপক্ষের কাছে এবং মহানগরের রাস্তায় মাইক ব্যবহারের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। তারা চিঠি রেখে রিসিভ কপি আমাদের দিয়ে দিয়েছেন। তবে এখন পর্যন্ত লিখিত অনুমতি দেননি।

এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে কুমিল্লার মহাসড়ক ও শহর জুড়ে শত শত তোরণ নির্মাণ করা হয়েছে। পোস্টার-ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে পুরো শহর। মহানগরের গুরুত্বপূর্ণ মোড়ে করা হয়েছে আলোকসজ্জা।শহরের বাইরেও ব্যানার পোস্টার ও তোরণ নির্মাণের হিড়িক পড়ে গেছে। এসব তোরণ, ব্যানার ও পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবির সঙ্গে স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের ছবিও শোভা পাচ্ছে।

তবে কোনো কোনো জায়গায় তোরণ নির্মাণ ও ব্যানার-ফেস্টুন টাঙাতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে কুমিল্লা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ড. খন্দকার মারুফ হোসেন বাংলানিউজকে বলেন, দাউদকান্দি টোলপ্লাজা থেকে চান্দিনা পর্যন্ত ৩৭ কিলোমিটার এলাকার মধ্যে পুলিশ তোরণ বানাতে দিচ্ছে না। এসব এলাকায় টাঙানো ব্যানার ফেস্টুন খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

এদিকে, খালেদা জিয়ার জনসভা সফল করার জন্য গত ১১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলায় প্রায় শতাধিক প্রস্তুতি সভার খবর পাওয়া গেছে। আর গত এক সপ্তাহ ধরে চলছে সমাবেশস্থল ও শহর সাজানোর কাজ।

এ ব্যাপারে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাংলানিউজকে বলেন, ম্যাডামের আগমন উপলক্ষে কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির শতাধিক প্রস্তুতি সভা হয়েছে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

তিনি আরো জানান, খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে দাউদকান্দি থেকে কুমিল্লা শহর পর্যন্ত প্রায় সাতশ তোরণ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বুড়িচংয়ের নিমসার থেকে কুমিল্লা শহর পর্যন্ত রয়েছে সাড়ে চারশ তোরণ। বাকি তোরণগুলো নির্মাণ করা হয়েছে শহরের ভেতরে।

এছাড়া খালেদা জিয়ার জনসভার প্রচারের জন্য ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত টানা চার দিন মহানগর জুড়ে ২২৬টি মাইক দিয়ে প্রচারণা চালানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি