লাইফস্টাইল ডেস্ক
সময়ের সঙ্গে পরিবর্তন ঘটে ফ্যাশনের। বদলায় অনুসঙ্গ। তবে কিছু অনুসঙ্গ সারাজীবনের সঙ্গী হয়ে থাকে। কারণ তা শুধু ফ্যাশনের মাত্রা ধরে রাখে না, রাখে শরীরের মাত্রাও। তেমনি একটি অনুসঙ্গ হল সানগ্লাস। সব বয়সের মানুষের সানগ্লাস ব্যবহারের প্রবণতা দেখা যায়। তবে তরুন প্রজন্মের মধ্যে এটি ব্যবহারের প্রবণতা একটু বেশি থাকে।
আমাদের দেশে শীত ঋতুতে বায়ুমণ্ডল থাকে অত্যান্ত ধুলাবালি আর সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি সমৃদ্ধ। তাই অন্য ঋতুতে এর ব্যবহার থাকলেও শীতে বেড়ে যায় দ্বিগুন। তবে কেউ কেউ সারা বছরই সানগ্লাস ব্যবহার করে থাকেন। শীতে ধুলাবালির সঙ্গে প্রচুর পরিমানে ছোট পোকামাকড়েরও আবির্ভাব ঘটে। ফলে খালি চোখে পথ চলতে গেলে এসব পোকামাকড় চোখে ঢুকে বিপত্তি ঘটায়। তাই যারা বাইকার আছেন, যাদের বেশি বেশি ভ্রমণ করতে হয় এবং যাদের ধুলাবালি প্রবণ এলাকায় চলাফেরা করতে হয় তাদের জন্য সানগ্লাস ব্যবহার করা সবচেয়ে জরুরি।
এসব কারণ ছাড়াও শুধু ফ্যাশনের কারণে তরুণদের কাছে সানগ্লাসের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আর তাই রাজধানী ঢাকাসহ দেশের ছোটবড় সব শহরেই চশমার দোকানগুলোয় পাওয়া যায় বাহারি সব সানগ্লাস।
নামকরা সব ব্রান্ডের মধ্যে রেবন, আরমানী, পলিশ, কাটিয়ার, গুছি, ডিওর, বারচাস, কেরারা, সিকে, টেঙ্গুয়ার, লুইস, ডিএনজি, ওকলে, প্যারাডা পাবেন। রেবন ব্র্যান্ডের সানগ্লাস পাবেন ৫ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে, গুছি পাবেন ৩ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে। তবে কাটিয়ার ব্রান্ডের মধ্যে দেড় লাখ টাকা পর্যন্ত দাম আছে সানগ্লাসের। নন ব্র্যান্ডের সানগ্লাস পাওয়া যাবে ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। যা সবারই হাতের নাগালের মধ্যে। আপনার পছন্দ অনুযায়ী এবং বাজেটের মধ্যে ঢাকার বসুন্ধরা শপিংমল, ইস্টার্ন প্লাজা, নিউমার্কেটসহ শহরের বড় বড় মার্কেট ও দোকানগুলোয় আনায়াসে সানগ্লাস পেয়ে যাবেন। আর কম দামের সানগ্লাস পেতে পারেন ফুটপাতে। তবে সস্তা সানগ্লাসগুলো আপনার চোখের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সানগ্লাস কেনার সময় একবার হলেও চোখের কথা চিন্তা করবেন।


























































