শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রেলওয়ের নিয়ন্ত্রণের বাইরে চট্টগ্রামের হাজার একর জমি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৪

asdfasd

পূর্বাশা ডেস্কঃ

রেলওয়ের সবচেয়ে বেশি জমি রয়েছে চট্টগ্রামে। এর মধ্যে হাজার একর সংস্থাটির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাবেক এক কাউন্সিলরের দখলেই রয়েছে প্রায় ২০০ একর। আর তাকে সহায়তা করছেন সাবেক এক মন্ত্রী। এসব জমিতে ঘর তুলে ৩-৫ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি স্কুল ও গ্যারেজের নামেও চলছে দখলবাজি।

সূত্রমতে, রেলওয়ের প্রায় ১০০ একর জমি প্রতীকী মূল্যে বরাদ্দ দেয়া আছে বিভিন্ন সংস্থার কাছে। ব্যক্তিস্বার্থে ১, ৫ বা হাজার টাকায় বরাদ্দ দেয়া এসব জমি থেকে রেলওয়ের কোনো আয় নেই। আর ১ হাজার ৫৯৩ একর ইজারা দেয়া হলেও বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলো থেকে অর্থ পায় না রেলওয়ে। তবে এসব বিষয়ে একেবারেই উদাসীন সংস্থাটি।

রেলওয়ে চট্টগ্রামের হালনাগাদ তথ্যানুযায়ী, চট্টগ্রাম বিভাগে রেলের মোট জমির পরিমাণ ৭ হাজার ৭০১ একর। এর মধ্যে সংস্থার নিজস্ব প্রয়োজনে ব্যবহার হচ্ছে প্রায় ৩ হাজার একর। আর অব্যবহূত জমির পরিমাণ ১ হাজার ৭৩ দশমিক ৯৭ একর। বাকি জমি হয় বেদখল, না হয় ইজারা বা প্রতীকী মূল্যে বরাদ্দ দেয়া।

ভূসম্পত্তি বিভাগ ও রেলের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চট্টগ্রামের দখল হওয়া জমির সিংহভাগই নিয়ন্ত্রণ করেন আওয়ামী লীগ নেতা ও পাহাড়তলী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ। তাকে সমর্থন দিচ্ছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। এছাড়া স্থানীয় বিএনপি নেতা এস কে খোদা তোতনের নেতৃত্বে আরেক দলও রেলের বিপুল জমি অবৈধ দখলে রেখেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাহাড়তলী থেকে সিআরবি পর্যন্ত রেলওয়ের বেশির ভাগ জমি বেদখল হয়ে গেছে। এসব জমিতে কয়েকশ ঘর নির্মাণ করা হয়েছে। ৩-৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে এসব ঘর। এমনকি রেলওয়ের কর্মকর্তাদের বাসভবনের সীমানা প্রাচীর ভেঙে সেখানেও ঘর নির্মাণ করা হচ্ছে। কেউ বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। রেলওয়ের শ্রমিকদের একটি অংশ এসব ঘর কিনে বসবাস করছে। পানির চাহিদা মেটাতে বেদখল এলাকায় কয়েকটি পাকা চৌবাচ্চাও নির্মাণ হয়েছে।

অবৈধভাবে বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে এসব ঘরে তারা বাস করছেন। রেলওয়ের পক্ষ থেকে কখনোই তাদের উচ্ছেদ করা হয়নি।

এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন বণিক বার্তাকে বলেন, রেলওয়ের প্রচুর জমি অব্যবহূত পড়ে থাকায় অবৈধ দখল বাড়ছে। রাজনৈতিক প্রভাবে এসব জমি উদ্ধার অনেক সময় কঠিন হয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক নির্দেশনার পর বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।

জানা গেছে, ২০১৩ সালের ১৮ জুন পাহাড়তলী এলাকায় ঝাউতলা কিন্ডারগার্টেনের সামনের মাঠ (প্রায় ২০ কাঠা জমি) দখল করে বেশ কয়েকটি দোকান ঘর নির্মাণ করে বিক্রি করে তোতনের অনুসারীরা। এছাড়া রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপসংলগ্ন এলাকা, পাহাড়তলী এলাকার বিভিন্ন সড়কের পাশের জমি, রেলওয়ে প্রিন্টিং প্রেস কলোনি এলাকার বিভিন্ন পাহাড়ি জমি সাবেক কাউন্সিলর হিরণ জোরপূর্বক দখলে রেখেছে। চট্টগ্রামের সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক নেতাদের চাপের কারণে রেলওয়ের পক্ষ থেকে জমি উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলেই অভিযোগ রেলওয়ে কর্মকর্তাদের।

২০১৩ সালের ১ অক্টোবর প্রিন্টিং প্রেস কলোনি উচ্চ বিদ্যালয়ের নামে প্রায় ৩০ শতক জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেও এখন পর্যন্ত এসব স্থাপনা উচ্ছেদ করা হয়নি। স্কুলটির পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ হোসেন হিরণ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্কুলের জন্য নতুন ভবন নির্মাণ শেষ হলেও এখনো রেলওয়ের দখল করা জমি থেকে স্থাপনা সরিয়ে নেয়নি স্কুল কর্তৃপক্ষ। স্থানীয়রা অভিযোগ করেন, হিরণ রেলের এসব জমি দখল করে স্কুলের শিক্ষকদের কাছে বিক্রি করে দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রেলের জমি দখল করে বিক্রি করে দেয়ার বিষয়টি অস্বীকার করে হিরণ বলেন, স্কুল সম্প্রসারণের জন্য রেলের এ জমি প্রয়োজন। এজন্য রেলওয়ের অনুমতি নিতে আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত রেলওয়ের পক্ষ থেকে অনুমতি পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা জানান, মোহাম্মদ হোসেন হিরণ ও বিএনপি নেতা তোতন মিশে খুলশী ও পাহাড়তলী এলাকায় রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণ করেন। এরই মধ্যে ২০১৩ সালের ১৮ মে আফসারুল আমীন রেলের জমি উদ্ধার কার্যক্রম বন্ধ রাখতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর লিখিত সুপারিশ করেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, রেলওয়ের বেশকিছু কর্মকর্তাও অবৈধ দখলের সঙ্গে যুক্ত। তবে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ কখনোই এসব জমি উদ্ধারে তৎপরতা দেখায় না। কারণ ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে নিয়োগ পান। ফলে তারা ঝামেলা এড়িয়ে চলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এ বিষয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেন বলেন, জমি উদ্ধার কার্যক্রম রেলের নিয়মিত কাজের অংশ। প্রায়ই বেদখল জমি উদ্ধারে অভিযান চালানো হয়। কিন্তু রেলের জমির পরিমাণ বেশি হওয়ায় উদ্ধারের পর আবারো বেদখল হয়ে যায়।

প্রতীকী মূল্যে বরাদ্দ: কয়েক বছর আগে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউএসটিসি মেডিকেল কলেজ ও হাসপাতালকে চার দফায় ৭ দশমিক ৭৮ একর জমি প্রতীকী মূল্যে দেয় রেলওয়ে। এক্ষেত্রে মূল্য ধরা হয় যথাক্রমে ১ ও ৫ হাজার টাকা। তবে ব্যক্তিস্বার্থ সংরক্ষণের জন্য এসব ক্ষেত্রে অভিনব কিছু শর্ত জুড়ে দেয়া হয়। প্রথম দফায় ইউএসটিসিকে জমি দেয়ার ক্ষেত্রে শর্ত ছিল, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বিনামূল্যে চিকিৎসার জন্য পাঁচটি আসন বরাদ্দ রাখা। বিষয়টি নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে রেলওয়ের মহাব্যবস্থাপক মনোনীত একজন প্রতিনিধি থাকবে। সেবার বরাদ্দ দেয়া হয় ৩ দশমিক ৭৮ একর জমি।

দ্বিতীয় দফায় ১ একর জমি দেয়ার সময় শর্ত ছিল, হাসপাতালটিতে চিকিৎসায় আরো পাঁচটি আসন সংরক্ষণ ও ইউএসটিসি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে রেলওয়ের জন্য পাঁচটি আসন সংরক্ষণ করা হবে। এসব আসনে রেয়াতি হারে ভর্তির সুযোগ দেয়া হবে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের। তৃতীয় দফায় ১ দশমিক ৪৩ একর জমি দেয়ার ক্ষেত্রে শর্ত ছিল, হাসপাতালের ১০ শতাংশ আসন সংরক্ষণ, আরো পাঁচটি আসন ভর্তির জন্য বরাদ্দ রাখা এবং অন্যান্য আসনেও ভর্তির ক্ষেত্রে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অগ্রাধিকার দিতে হবে। আর চতুর্থ দফায় ১ দশমিক ৫৭ একর জমির মূল্য বাবদ ১৫ লাখ টাকা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা রেখে তা থেকে প্রাপ্ত সুদ ইউএসটিসিতে অধ্যয়নরত রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের বৃত্তি হিসেবে প্রদান করা।

ব্যক্তিস্বার্থে রাষ্ট্রীয় জমি বরাদ্দ দেয়া হলেও সে চুক্তি মানছে না ইউএসটিসি। ফলে রেলওয়ের জন্য বরাদ্দ কোটায় ভর্তি হতে পারছে না সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীর সন্তানরা। এছাড়া ইউএসটিসির গভর্নিং বডির সদস্য হিসেবে রেলের মনোনীত ব্যক্তির পদটিও বাতিল করেছে ইউএসটিসি। ফলে নামমাত্র মূল্যে জমি দিয়েও ন্যায্য হিস্যা পাচ্ছে না রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

এর পরও প্রতীকী মূল্যে জমি বরাদ্দ দেয়া বন্ধ রাখেনি রেলওয়ে। কোটা আর বিভিন্ন শর্তে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ মানসিক প্রতিবন্ধী কল্যাণ ও শিক্ষা সমিতি, সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্ট টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন, উইলিয়াম কেরি একাডেমি, কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট সায়েন্স, পাহাড়তলী কলেজ, টিকেট প্রিন্টিং প্রেস কলোনি স্কুল, রেলওয়ে পাবলিক স্কুল, ইউসেপ বাংলাদেশ, চট্টগ্রাম অফিসার্স ক্লাব, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতিকে প্রতীকী মূল্যে রেলওয়ের জমি দেয়া হয়েছে।

এদিকে বাণিজ্যিক শর্তে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিশ্ব বাণিজ্য কেন্দ্র ও ফয়’স লেকের জন্য জমি দিলেও তা থেকে রেলওয়ের আয় নেই বললেই চলে। ফয়’স লেক ইজারা নিয়ে কনকর্ড গ্র“প বিনোদন পার্ক তৈরি করলেও রেলওয়েকে কোনো লভ্যাংশ দেয়নি। বিজেএমইএকে বরাদ্দ জমিতে ভবন নির্মিত হলেও প্রাপ্ত ফ্লোর ভাড়া দিতে পারেনি রেলওয়ে। ফলে বাধ্য হয়ে বিনা দরপত্রে নামমাত্র মূল্যে ফ্লোরটি বিজেএমইএকেই ভাড়া দেয়া হয়েছে। একই অবস্থা বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ক্ষেত্রেও।

আটকে আছে ইজারার অর্থ: চট্টগ্রাম বিভাগে রেলের মোট ইজারা দেয়া জমির পরিমাণ ১ হাজার ৫৯২ দশমিক ৫৮ একর। এ বিপুল জমি ইজারা দেয়া হলেও ভূসম্পত্তি বিভাগের আয়ের পরিমাণ উল্লেখযোগ্য বাড়েনি। বরং গত কয়েক বছরের ব্যবধানে চট্টগ্রাম বিভাগে রেল ভূমি ইজারা বাবদ বকেয়ার পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়েছে। ২০১১ সাল পর্যন্ত রেলের ইজারা বাবদ বকেয়ার পরিমাণ ৪০ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ৩০৩ টাকা।

এদিকে সরকারি পর্যায়ে চট্টগ্রাম বন বিভাগ, কর্ণফুলী পেপার মিলস, মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সিটি করপোরেশন রেলের জমি ইজারা নিয়েও বকেয়া পরিশোধ করছে না। এ নিয়ে একাধিকবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হলেও সরকারি এসব সংস্থা অর্থ পরিশোধে গড়িমসি করছে। বেসরকারি পর্যায়ে রেলওয়ে সমবায় ঋণদান সমিতি, আন্তঃজেলা ট্রাক মালিক সমিতি, ধুমঘাট ট্রাক মালিক সমিতি এবং রেলওয়ে মেন্স স্টোর্সের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হলেও অর্থ আদায়ে কার্যকর অগ্রগতি নেই।

মো. মোজাম্মেল হোসেন এ প্রসঙ্গে বলেন, ইজারা বাবদ বকেয়া আদায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিয়মিত চিঠি পাঠানোর পাশাপাশি প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর প্রতীকী মূল্যে জমি বরাদ্দের ক্ষেত্রে শর্ত না মানায় কয়েকটি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে। চুক্তির শর্তানুযায়ী ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি