তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লার-ময়নামতি সেকশনের জাঙ্গালিয়া এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ এক ঘন্টা ধরে বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। পৌণে ১১ টায় একটি রিলিফ ট্রেন লাকসাম থেকে রওনা দিয়েছে।
কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেন জালালাবাদ এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলেও জানান তিনি।
তিনি জানান, ১০ টা ৫৫ মিনিটে ফেনি থেকে মহানগর প্রভাতি রওনা দিয়েছে। ঢাকা থেকে পাহাড়িকা এক্সপ্রেস আসছে। এ দুটি ট্রেন কুমিল্লায় এসে আটকা পড়বে।
রেলযোগাযোগ কখন শুরু হবে তা এখনি বলা যাচ্ছে না।


















































