শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গোপন বৈঠক হালকাভাবে নিচ্ছে না সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৪

 

HJHH-1417776750

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একদল সরকারি কর্মকর্তার গোপন বৈঠকের খবর তদন্ত করবে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জানিয়েছেন, ওই বৈঠক নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তার সত্যতা পেলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার একটি অনলাইন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘খবরটি সত্যি কি না, তা যাচাই করে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকার এটাকে হালকাভাবে নেবে না। এটা সার্ভিসের শৃক্সখলার ব্যাপার। তাই একে সহজভাবে নেব না। এ ব্যাপারে যা করার তা-ই করব।’

বৃহস্পতিবার রাতে কয়েকটি টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি বৈঠক হয়। এতে প্রশাসনের একদল কর্মকর্তা রয়েছেন।’

ওই রাতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য এটি প্রচার করা হচ্ছে। ওই সংবাদ প্রচার ও প্রকাশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রাক্তন কয়েকজন আমলাকে রাতে তার কার্যালয়ে দেখা যায়, যারা সবাই অবসরপ্রাপ্ত সরকরি কর্মকর্তা। খালেদা জিয়া রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গুলশানের ওই কার্যালয়ে ছিলেন। ওই কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অনেকেই প্রাক্তন সচিব। এখনকার কোনো সরকারি কর্মকর্তা বৈঠকে ছিলেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি