পূর্বাশা ডেস্কঃ
রাজধানীর পুরানা পল্টনের একটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশী-বিদেশী মুদ্রা ও সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে রয়েছে চার বস্তা মুদ্রা ও ৬২ কেজি সোনা।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুরানা পল্টনের ২৫/১ নম্বর ভবনের ষষ্ঠ তলায় চলমান অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
অভিযান শুরু হয় দুপুরে। সন্ধ্যার দিকে উদ্ধার হয় চার বস্তা টাকা ও ২৫০টি সোনার বার। পরে আরো ২৭৮টি সোনার বার পাওয়া যায়। সোনার মোট ওজন ৬২ কেজি হবে বলে শুল্ক বিভাগের এক কর্মকর্তা জানান। এ রিপোর্ট লেখার সময় টাকাগুলো গণনা হচ্ছে।
ভবনটির মালিক মোহাম্মদ আলীকে আটক করেছে পুলিশ। সাংবাদিকদের কাছে আলী সুইটসের এই স্বত্বাধিকারী দাবি করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওই সোনার বারগুলো তাকে রাখতে দিয়েছেন।
শুল্ক গোয়েন্দা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পুরানা পল্টনের ২৫/১ নম্বর ভবনের ষষ্ঠ তলায় সোনা ও টাকা উদ্ধার হয়। বস্তায় মুদ্রার পাশাপাশি অন্যান্য মূল্যবান সামগ্রীও আছে। মুদ্রাগুলোর মধ্যে বাংলাদেশী টাকা ও দিরহাম রয়েছে।























































