শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এইডসের ঝুঁকিতে কুমিল্লার সীমান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৪

 

ইমতিয়াজ আহমেদ জিতু
বৃহত্তর কুমিল্লার সীমান্ত এলাকা এখন বহুবিধ সমস্যায় জর্জরিত। সীমান্ত এলাকা এখন মরণব্যাধি ভয়ানক এইডসের ঝুঁকিতে রয়েছে। তাছাড়া সীমান্ত এলাকা এখন চোরাকারবারিদের অভয়ারণ্য হিসেবে স্বীকৃত।
দেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় মহিলা ও শিশু চোরাচালানি এবং ভাসমান যৌনকর্মীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। চোরাচালানি ও যৌনকর্মীদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। স্থানীয় সূত্রে জানা যায়, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যসহ ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে রয়েছে এদের বিশেষ সখ্য। সে কারণে এ অঞ্চলে শিশু ও মহিলা চোরচালানির সংখ্যা বৃদ্ধি পাওয়াসহ যৌনকর্মীদের অবাধ আনাগোনা বেড়েই চলেছে। এতে করে এইচআইভি/ এইডসের ঝুঁকি বাড়াসহ যুবসমাজ ধ্বংসের দিকে পা বাড়াচ্ছে। অনুসন্ধানে জানা যায়, প্রায় প্রতিদিনই ঢাকা, টঙ্গী, ভৈরব, কিশোরগঞ্জ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে ট্রেন, স্থল ও জলপথে এসে শিশু ও মহিলা চোরাকারবারিরা কুমিল্ল¬া, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সঙ্গে হিজড়া ও ভাসমান পতিতারাও যোগ দেয়। পতিতারা দিনের বেলায় চোরাচালানিদের হয়ে কাজ করে। পাচার করে অবৈধ ভারতীয় মালামাল। সীমান্তে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চোরাকারবারি জানায়, শিশু ও স্বামী পরিত্যক্ত মহিলাসহ এক শ্রেণীর যৌনকর্মী ওপারে গিয়ে ২/৩ দিন অবস্থান করে। সীমান্তে থাকা নির্দিষ্ট লাইনম্যান দিয়ে তাদের পার করে দেয়া হয়। আবার নির্দিষ্ট সময়ে ফেরত নিয়ে আসে। ওপারে শিশু ও মহিলাদের তেমন গ্রেফতার করে না বিএসএফসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা। মহিলা ও চোরাচালানি যৌনকর্মীরা জানায়, অভাবের কারণেই তারা এ পথে পা বাড়িয়েছে। তারা আরও জানায়, এ এলাকা দিয়ে হিজড়ারা প্রায়ই আসা-যাওয়া করে থাকে। বিএসএফ ও ওপারের চোরাকারবারি দাদাবাবুরা তাদের তেমন হয়রানি করে না, বরং তাদের সুখসঙ্গ পেলে ‘রুপিয়া’ দিয়ে সন্তুষ্ট করে। ওপারেও রয়েছে ভাসমান পতিতাসহ রমরমা যৌন ব্যবসা। এপার থেকে যাওয়া ট্রাক ড্রাইভারদের রয়েছে তাদের সঙ্গে মধুর সম্পর্ক। তবে এ অভিযোগ অস্বীকার করে ড্রাইভারদের কয়েকজন বলেন, ট্রাক চালকরা এখন নিজেদের ভালো-মন্দের ব্যাপারে যথেষ্ট সচেতন। সূত্র জানায়, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুমিল্লা সীমান্ত এলাকার দাংড়া, পটুয়া, মিয়াবাজার, কালীকাপুর, আমানগণ্ডা, হাড়ি সরদার, চৌদ্দগ্রাম, বাতিশা, আমজাদের বাজার, চিওড়া, জগন্নাথ দীঘি, বাতিয়ারা, শশিদল, রাজাপুর, ইমামবাড়ী, রসুলপুর সীমান্ত এলাকার মহিলা চোরাচালানি ও যৌনকর্মীরা ওপারে যাওয়ার জন্য পাঁয়তারা শুরু করে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকার কসবা, মনিঅন্ধ, মোগড়া, উমেতপুর চেকপোস্ট, আনোয়ারপুর, রাজাপুর, সিংগালবিল, হরষপুরসহ হবিগঞ্জ সীমান্ত এলাকায় মহিলা চোরাকারবারি ও যৌনকর্মীরা রাতে ঘুর ঘুর করতে থাকে। সুযোগ পেলেই ওপারে চলে যায়। ওপারে গিয়ে মহিলা চোরাকারবারিরা অপরিচিত ও ভিনদেশী খদ্দেরদের সঙ্গে দৈহিক মেলামেশার কারণে এইচআইভি/এইডস হতে পারে বলে কেউ তাদের সাবধান করেছে কিনা জানতে চাইলে এক মহিলা চোরাকারবারি বলে, বাধ্য হয়েই তাদের দু’দেশের চোরাকারবারিদের সঙ্গ দিতে হয়। আর এভাবে চলতে থাকলে সীমান্ত সংলগ্ন কুমিল্লায় এইডসের ঝুঁকিতে পড়বে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি