বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীর কালিয়াজুড়িতে ইপিজেড কর্মীর গলিত লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৪

 

তাওহিদ হোসেন মিঠুঃ

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার এক ভাড়া বাড়িতে তাকওয়া আক্তার (২৮) নামের এক ইপিজেড কর্মীর গলিত লাশ ঘরের বক্স খাটের ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৭ টায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত তাকওয়া আক্তারের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শাহাদাতপুর গ্রামে। তাকওয়া কুমিল্লা ইপিজেডের কাদেনা কোম্পানির শ্রমিক ছিলেন। নিহতের স্বামী দুলাল মিয়া চট্টগ্রামের কাভার্ডভ্যান চালক। নিহত তাকওয়া দুলাভাই ও বড় বোনের সাথে কালিয়াজুড়ির একটি বাসায় গত ২ মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। নিহত তাকওয়া আক্তার তানহা (৫) ও তানভীর (৩) নামের ২ সন্তানের জননী।

তাকওয়ার দুলাভাই আতিকুর রহমান পিন্টু জানান, বৃহস্পতিবার সকালে আমি ও আমার স্ত্রী বুড়িচংয়ের নিমসারে একটি দাওয়াতের অনুষ্ঠানে যাই। রাতে বাড়িতে আসার পর শুনি তাকওয়া একজন লোকের সাথে বাড়ি থেকে চলে গেছে। আজ বিকেলে বক্স খাটের ভিতর থেকে দুর্গন্ধ বের হলে তাকওয়ার লাশের সন্ধান পাই।
বোনের মেয়ে সুমাইয়া ইসলাম ও মুন্নি জানান, বৃহস্পতিবার সকালে গোফওয়ালা ও এলোমেলো চুলের একজন লোক আন্টির (তাকওয়া) কাছে আসে। আন্টি আমাদের জানায়, লোকটি আন্টির অফিসের ম্যানেজার। আন্টি আমাদের দুজনকে বাইরে থেকে ঘুরে আসতে বলে। আমরা কিছুক্ষণ ঘুরে আসার পর ওই ম্যানেজার আমাদের দুজনকে ২’শ টাকা দিয়ে পুনরায় ঘুরে আসতে বলে। দুপুরে ঘুরে এসে দেখি করেসবেল গেইটে তালা লাগানো । আমরা গেইটে ধাক্কা দিলে পাশের রুমের ভাড়াটিয়া সজিব ( কুসিক এর কর্মচারি) এসে গেইট খুলে দেয়। পরে আমরা কক্ষে ঢুকে দেখি আন্টি ও ওই লোকটা নেই। আন্টির মোবাইল ওই সময় থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দিন জানান, নিহতের দেহটি থেতলিয়ে গেছে। আঘাতের চিহৃ রয়েছে শরীরে । মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামীকে সনাক্ত করা হবে।
উল্লেখ্য যে, গতকাল শুক্রবার পাশের কক্ষের সজিব নিজ বাড়িতে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি