শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডেডলাইন ৫ জানুয়ারি : চড়ছে উত্তেজনার পারদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৪

image_1056_158713

ডেস্ক রিপোর্ট :
আগামী ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপির অলআউট আন্দোলনের হুঙ্কার এবং তা ঠেকাতে আওয়ামী লীগের সাজসাজ প্রস্তুতিতে আতঙ্ক ও উত্তেজনার পারদ চড়ছে। বিএনপি একে কালো দিন আখ্যা দিয়ে ঢাকার রাজপথ দখলে নিতে চায়। অন্যদিকে আওয়ামী লীগ একই দিন গণতন্ত্রের বিজয় দিবস পালনের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় রাজধানী। দুই দলের পাল্টাপাল্টি অবস্থানের কারণে সহিংস সংঘাত এবং বড় ধরনের নাশকতার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীও। আর রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে- দেশ অবধারিত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।

জানা গেছে, ৫ জানুয়ারির কর্মসূচি সফল করার বিষয়টি বিএনপি নিয়েছে বাঁচা-মরার লড়াই হিসেবে। যে কোনো মূল্যে এদিন সমাবেশের মাধ্যমে জাতিকে তাদের শক্তির বার্তা দিতে চায়। গোটা শহরকে নিতে চায় নিজেদের কব্জায়। আর অস্তিত্ব বাঁচানোর এই লড়াইয়ে জিততে দলটি এরই মধ্যে নিয়েছে ব্যাপক প্রস্তুতিও।
বিএনপি সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি জনসভা করে শোডাউন করবে বিএনপি। জনসভাকে জনসমুদ্রে রূপ দেয়ার প্রস্তুতিও রয়েছে তাদের। খালেদা জিয়া এ জনসভায় ভাষণ দেবেন। রাজধানী ছাড়াও নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ থেকেও নেতাকর্মীরা এ জনসভায় আসবেন। ৫ জানুয়ারির পূর্ব প্রস্তুতি হিসেবে ৩ জানুয়ারিও ঢাকায় সমাবেশ করার চেষ্টা করছে দলটি। এরই মধ্যে ৩ ও ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে রাজধানীর নয়া পল্টন, শাপলা চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। এদিকে ২ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনকে চিঠি দিয়েছে সংগঠনটি। সমাবেশের অনুমতি দেয়া না হলে ৭২ ঘণ্টা টানা হরতালের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
তবে বিএনপির স্থায়ী কমিটির একজন প্রবীণ সদস্য বলেন, এ সময় রাজপথের আন্দোলন থেকে সরে আসার কোনো সুযোগ নেই। যে কোনো উপায়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। রাজধানী ঢাকাকে আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করাই বিএনপি জোটের এবারের টার্গেট। এবার আন্দোলন শুরু হবে ঢাকা থেকে এবং সমাপ্তিও ঘটবে ঢাকার রাজপথে।
এদিকে সরকারবিরোধী আন্দোলনকে পাত্তা না দিলেও ৫ জানুয়ারি নিয়ে সরকার কিছুটা সতর্ক রয়েছে। এ সরকারের প্রথম বর্ষপূর্তির দিনে সরকারবিরোধীরা যাতে বড় ধরনের কোনো শোডাউন বা অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি দিবসটিকে আনন্দ-উল্লাসের মাধ্যমে রাজপথ নিজেদের দখলে রাখার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি।
গত ১২ ডিসেম্বর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ আখ্যা দিয়ে বিজয় উৎসব করার ঘোষণা দেয়া হয়েছে। জানানো হয়, এদিন ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় একযোগে শোভাযাত্রা ও আনন্দ র‌্যালি বের করবে তারা। এছাড়া বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবে।
আওয়ামী লীগ সূত্রগুলো বলছে, শুধু ৫ জানুয়ারিই নয় নতুন বছরের প্রথম দুই মাস দেশজুড়ে সিরিজ সভা-সমাবেশ ও মিছিল করবে তারা। এর মধ্যে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি এবং ১২ জানুয়ারি বর্তমান সরকারের এক বছরপূর্তি উপলক্ষে ১৪ দল জানুয়ারি ও ফেব্র“য়ারিতে জেলা-উপজেলা পর্যায়ে সভা-সমাবেশ ও মিছিল করবে। এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারির জনসভাকে জনসমুদ্রে রূপ দেয়ার প্রস্তুতিও রয়েছে তাদের।
সূত্র মতে, এরই মধ্যে ৫ জানুয়ারি রাজনীতির মাঠ দখলে রাখার প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে সহযোগী সংগঠনের কর্মীদের সঙ্গে বৈঠক ও দলীয় এমপিদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এদিন দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপির সম্ভাব্য নাশকতামূলক কর্মকা- সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে কোনো উস্কানিমূলক তৎপরতা থাকলেই প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। বিশেষ করে রাজধানীর প্রতিটি নির্বাচনী এলাকায় কঠোর অবস্থানে থাকবেন নেতাকর্মীরা। ওই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ র‌্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তাদের সতর্ক দৃষ্টি থাকবে। অপ্রীতিকর কিছু ঘটলেই একযোগে পাল্টা জবাব দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, সরকার পতনের হুঙ্কার দিচ্ছে বিএনপি। তাদের সঙ্গে রাজপথেই দেখা হবে। রাজপথেই বিএনপিকে মোকাবেলা করা হবে। আন্দোলনের নামে তারা বিশৃক্সখলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালালে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।
আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারাও রাজপথে মোকাবেলা করতে চান। তার দাবি জনতা রয়েছে তাদের সঙ্গে। আর আওয়ামী লীগের জনতার শক্তি নেই। র‌্যাব-পুলিশ ছেড়ে এলে রাজপথে মোকাবেলার জন্য বিএনপি সবসময় প্রস্তুত।
এদিকে দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে গোয়েন্দাদের আশঙ্কা, রাজনৈতিক দলগুলো যেভাবে শক্তির লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে তাতে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে।
পুলিশ সূত্র জানায়, গোয়েন্দাদের দেয়া আগাম তথ্য অনুযায়ী ৫ জানুয়ারি ঘিরে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে খবর রয়েছে ৫ জানুয়ারিকে সামনে রেখে বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে। দেশের গুরুত্ব্বপূর্ণ স্থাপনাগুলোতেও জঙ্গি ও সন্ত্রাসীদের দিয়ে গোপনে হামলা চালানো হতে পারে। বেশ কয়েকজন রাজনৈতিক নেতার জীবনও হুমকির মধ্যে রয়েছে। গোয়েন্দাদের এমন তথ্য পেয়ে সরকার সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টারকে বিশেষ দিকনির্দেশনা দেয়া হয়। ৬৪ জেলার পুলিশ সুপার ও থানা ওসিদের বিশেষ দিকনির্দেশনা দেয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার তৈরি একটি নামের তালিকাও সরবরাহ করা হয়েছে। তালিকাভুক্তদের পারিবারিক পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, মামলার সংখ্যা ও কোন কোন কাজে তারা পারদর্শী এবং কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বা আগে কোন দল করেছে তার বিবরণ রয়েছে। তালিকায় বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি জেলা, থানা, উপজেলা ও ওয়ার্ড বা মহল্লার নেতাকর্মীদের নাম আছে।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। তাকে আইনের আওতায় নেয়া হবে। জনগণ ও দেশের সম্পদ কেউ নষ্ট করতে পারবে না। তিনি বলেন, দেশের আইনশৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তালিকাভুক্ত অপরাধীদের ধরতে নানা কৌশল নেয়া হয়। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।
রাজপথ দখলের দুই দলের চেষ্টায় রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, দেশ অবধারিত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। ৫ জানুয়ারি এই সংঘাত অনিবার্য হয়ে উঠবে। বিরোধী দলকে ঠেকাতে সরকার সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলে তারাও জামায়াত-শিবিরের মতো চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশ অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি