
নেকবর হোসেন/শেখ ফয়সল দিপু ॥
মো: মোস্তফা (৫০)। বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গা মানিক গ্রামে। তিনি পেশায় একজন গাঁছি। নারিকেল, তাল, খেজুর গাঁছ বেছেই জীবিকা নির্বাহ করেন। কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বৌয়ারা বাজার এলাকায় দৈনিক পূর্বাশার সাথে একান্ত আলাপকালে সোমবার বিকেলে তিনি জানিয়েছেন, তাঁর পরিবার ও কর্মজীবনের সুখ-দু:খের নানান কথা।
মো: মোস্তফা বলেন, তাঁর এলাকার সাজু খাঁ ও জামাল মিয়া একই পেশায় কর্মরত। জীবিকার সন্ধানে সাজু খাঁ ও জামাল মিয়া গত দুই বছর আগে বৌয়ারা বাজার এলাকায় আসেন। কর্ম নেন গাঁছির। এ দুই জন ডেকে আনেন গাঁছি মো: মোস্তফাকে। এখন তারা তিন জন।
গাঁছি মো: মোস্তফা বলেন, তারা তিন জনে এখন ওই এলাকার ১শ’ ৪০/৫০টি গাঁছ থেকে প্রতিদিন খেজুর রস সংগ্রহ করে আসছেন। উৎপাদিত খেজুর রসের অর্ধেক দিতে হয় গাঁছের মালিককে। অর্ধেকের তিনের এক অংশ হিসেবে গাঁছি মো: মোস্তফার ভাগে পড়ে প্রতিদিন প্রায় ৩০/৪০ কেজি করে। এ খেজুর রস স্থানীয় বাজার ও কুমিল্লা শহরে নিয়ে বিক্রি করেন কেজিপ্রতি ২৫/৩০ টাকা করে। নিজের থাকা-খাওয়ার খরচ বাদে এতে তার দৈনিক ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা করে আয় হয়। কাজে নামতে হয় প্রতিদিন ভোর ৪টার সময়। এ সময় থেকে রস সংগ্রহে নামেন। পরে যান বিক্রি করতে। দুপুরের দিকে কিছুটা অবসর কাটে। দুপুরে খাওয়া-দাওয়ার পর বিকেল হলেই উঠে যান গাঁছে। সন্ধ্যা পর্যন্ত এ গাঁছ থেকে ওই গাঁছে চলে বিচরণ। মাধ্যম কিছু কৌশল ও ধারালো একটি ছেঁনি। ঝূঁকির প্রসঙ্গে তিনি বলেন, ঝূঁকি কিছুটা অবশ্যই আছে। ছোট-খাটো কাঁটা-ছোঁড়ার সম্ভাবনা প্রায়ই থাকে। অপর দিকে, গাঁছ থেকে কখনো ছিঁটকে পড়ে গেলে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। তাই কাজের বেলায় কিছুটা সতর্ক থাকলেই হয়।
গাঁছি মো: মোস্তফার স্ত্রীসহ তিন সন্তানের সংসার। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট এক মেয়ে ও এক ছেলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করছে। শরিয়তপুর থেকে কুমিল্লায় এসেছেন প্রায় দেড় মাস আগে। স্ত্রী-সন্তানের ভরণ-পোষণের জন্য তিনি এ পর্যন্ত কয়েক দফায় তিনি ১০ হাজার টাকা বাড়িতে পাঠিয়েছেন। টাকা পাঠানোর মাধ্যম বিকাশ। খেজুর রসের জন্য শরিয়তপুরের অনেক খ্যাতি থাকলেও কুমিল্লায় এসে একই কাজ করে তিনি খুবই সন্তুষ্ট। এর কারণ হিসেবে বলেন, কুমিল্লার কর্ম পরিবেশ তার অনেক পছন্দ হয়েছে। এখানকার মানুষ খুবই মিশুক ও স্নেহপ্রবণ এবং তাদেরকে ভালোর চেঁখেই দেখেন। তবে, রস চোরের উৎপাত না থাকলে লাভ ভালোই হতো। প্রতিদিন তার নিজের অন্তত ১০টি গাঁছের রস চুরির ঘটনা ঘটছে। হাসিমাখা মুখে তিনি বলেন, ‘কিছু রসতো চোর খাবেই।’
এ প্রসঙ্গে বৌয়ারা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহ: শিক্ষক স্থানীয় অধিবাসী মাওলানা সাইফুল ইসলাম বলেন, ‘ এই এলাকার খেজুর গাঁছগুলো থেকে প্রায় ৮/১০ বছর ধরে রস সংগ্রহ করা হয়নি। স্থানীয় কিছু লোক আগে খেজুর রস সংগ্রহ করতো। স্থানীয় গাঁছিরা পেশা পরিবর্তন করায় খেজুর রসের আর দেখা মেলেনি। তিনি বলেন, খেজুর রস একটি প্রাকৃতিক সম্পদ। খেজুর রস পবিত্র ও আল্লাহ পাকের অশেষ নেয়ামত ও দান। খেজুর গাঁছের জন্মই হয় এর রস ও ফল দেয়ার জন্য। বর্তমানে তার এলাকায় খেজুর রস উৎপাদনের কারনে তিনি ও স্থানীয় লোকজন অনেক খুশি বলে জানান।

















































