ইমতিয়াজ আহমেদ জিতু
২০ দলীয় জোটের ডাকা সারাদেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কুমিল্লায় হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০ টায় নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্ত্বরের সামনে অবস্থান নিয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।
সকাল সাড়ে ৮ টায় নগরীর কান্দিরপাড় জেলা বিএনপির কার্যালয় থেকে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারি আবু ও সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। সকাল সাড়ে ৯ টায় মহানগর শিবিরের সভাপতি মোঃ শাহলমের নেতৃত্বে টমছমব্রিজ এলাকায় একটি মিছিল বের হয়। সকাল ১০ টা থেকে সোয়া ১০ টা পর্যন্ত চকবাজার এলাকা থেকে পূর্বাঞ্চল ছাত্রদল ও যুবদলের উদ্যোগে হরতালের সমর্থনে ৩টি মিছিল বের হয়।
মহানগরীতে সব দোকান-পাট বন্ধ রয়েছে। যান চলাচল নেই। মহানগরীর চকবাজার, শাসনগাছা, টমছমব্রিজ ও জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
নগরীর জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদল-যুবদলের প্রায় শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন । তবে বিএনপির বড় কোন নেতা সকাল সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পার্টি অফিসে আসেননি।
এদিকে নগরীর লাকসাম রোডের মিডল্যান্ড হাসপাতালের সামনে ছাত্রশিবিরের প্রায় শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন।
নগরীর চকবাজার,ধর্মপুর, শাসনগাছা এলাকায় পিকেটিং হচ্ছে। এছাড়া নগরীর অন্য কোথাও তেমন পিকেটিং না থাকলেও সর্বত্র হরতালের আবহ বিরাজ করছে।
মহানগরী জুড়ে পুলিশ ও র্যাবের টহল রয়েছে ।


















































