ডেস্ক রিপোর্ট :
শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গেল বছরের শুরুটা করেছিল এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে। তখনকার বিরোধী দল বিএনপির বর্জন এবং দেশি-বিদেশি নানা চাপের মধ্যেই ৫ জানুয়ারির নির্বাচন আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকেই ভেবেছিলেন, ‘সংবিধানের নিয়ম রক্ষা’র এই নির্বাচনের পরিণতি বোধয় ‘৯৬-এর ১৪ ফেব্র“য়ারির নির্বাচনের মতোই হতে যাচ্ছে। কিন্তু সব ভাবনা এবং হিসাব-নিকাশকে পাল্টে দিয়ে ২০১৪ সাল স্বস্তিতেই পার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাই দলকে টেনে সামনে এগিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ক্ষেত্র-বিশেষে রাজনৈতিক প্রতিপক্ষকে কৌশলে ঘায়েল করে দাপটের সাথে সব অনিশ্চয়তা এবং প্রতিকূলতাকে পরাজিত করেছেন তিনি। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে আন্দোলনের অব্যাহত হুমকি দিয়ে আসা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে বছরজুড়ে পর্যুদস্ত করে রেখেছিল সরকার। যুদ্ধাপরাধী নেতাদের বিচারে ক্ষুব্ধ জামায়াতে ইসলামীও সংহিসতার ভয় দেখিয়ে সরকারকে দমাতে পারেনি। বছর শেষে বলা যায়, ২০১৪ সাল ছিল রাজনীতিতে এককভাবে শেখ হাসিনার বছর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক অভিজ্ঞতা দূরদৃষ্টি ও সাহসী নেতৃত্বের কারণেই বিদায়ী বছরে নিশ্চিত অসাংবিধানিক শাসনের হাত থেকে জাতি মুক্তি পেয়েছে বলে ক্ষমতাসীন দল মনে করে। ২০১৪ সালের পুরো রাজনৈতিক অঙ্গনই ছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিয়ন্ত্রণে। তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে সব রাজনৈতিক কর্মসূচি ও কর্মকা-। ঘরে-বাইরে সমালোচিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও শেখ হাসিনার ক্ষমতা ও সিদ্ধান্তকে ন্যূনতম চ্যালেঞ্জ করতে পারেননি কেউ। জামায়াতে ইসলামী দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েও শেখ হাসিনার দৃঢ়তায় বন্ধ করতে পারেনি যুদ্ধাপরাধের বিচার। পরাক্রমশালী যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চাপ-কৌশলের বিপরীতে বিশ্বরাজনীতির দ্বিতীয় ধারার সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততাও ছিল শেখ হাসিনার অনন্য রাজনৈতিক কৌশল। সব মিলিয়ে রাজনীতির মাঠে শেখ হাসিনাই ছিলেন চালকের আসনে। আওয়ামী লীগ মনে করে ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের যাত্রা অব্যাহত রেখে জনমনে শান্তি-স্বস্তি ফিরিয়ে দিতে সমর্থ হয়েছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভনেত্রী শেখ হাসিনা।
১৪ দলীয় জোটের সাংগঠনিক শক্তি আর বিরোধী দল জাতীয় পার্টিসহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির পূর্ণ সমর্থন অর্জনের মাধ্যমে বছর জুড়েই বিএনপির জোটকে কার্যত ঘরে ঢুকিয়ে রাখতে সক্ষম হন শেখ হাসিনা। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে যে অস্বস্তি ছিল শেখ হাসিনা দক্ষভাবে কূটনৈতিক তৎপরতায় তা সামাল দিতে সক্ষম হন। সরকার গঠনের পর চীন, জাপান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সফরের মধ্য দিয়ে সৃষ্ট অস্বস্তি দূর করে দেশগুলোর পূর্ণ সমর্থন আদায়েও সক্ষম হন তিনি। আওয়ামী লীগের সিনিয়র নেতারা মনে করেন আন্তর্জাতিক সমর্থন ও পুরস্কার অর্জন এবং দেশের অর্থনীতিকে অতীতের সকল সময়ের তুলনায় শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর মাধ্যমেই বিএনপি-জামায়াতসহ বুদ্ধিজীবীদের সকল সমালোচনা জবাব দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মূলত, উন্নয়নের মাধ্যমেই বিএনপি-জামায়াত জোটকে বছরজুড়ে দমিয়ে রাখতেও সক্ষম হন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতির ময়দান প্রায় একটি যুদ্ধের সমতুল্য। এখানেও যুদ্ধের মতো কৌশল নিতে হয়। আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনাও কৌশল নিয়েছেন। আগের বছরের শেষার্ধের কৌশল বাস্তবায়ন হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে। সে কৌশল বুঝে উঠতেই পারেনি বিএনপি। ফলে শুধু ক্ষমতার বাইরে নয়, সংসদেরও বাইরে চলে যেতে হয়েছে বিএনপিকে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর একটি মধ্যবর্তী নির্বাচনের প্রত্যাশা থাকলেও এক বছরেও দাবি প্রতিষ্ঠিত করতে পারেনি নির্বাচনের বাইরে থাকা দলগুলো।
এদিকে দেশে সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষায় ৫ জানুয়ারির নির্বাচন যে অপরিহার্য ছিল, তা বিশ্ব নেতৃত্বকে বোঝাতে সক্ষম হন প্রধানমন্ত্রী। তার ফলাফলও হাতেনাতে পান তিনি। তার সরকারের প্রথম বছরে মাত্র সাত দিনের ব্যবধানে বিশ্বের ১৮৮টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রত্যক্ষ ভোটে বিশ্বের দুটি শীর্ষ সংসদীয় প্রতিষ্ঠান সিপিএ ও আইপিইউর দুই শীর্ষ পদে বাংলাদেশের দু’জন প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করানোর মাধ্যমে বিশ্ব নেতৃত্বের বর্তমান সরকারের প্রতি আস্থার প্রমাণ করতেও সক্ষম হন শেখ হাসিনা।
এছাড়াও বছর জুড়েই মন্ত্রী ও নেতাদের অতিকথনে বিব্রতকর অবস্থায় পড়েছে সরকার। যুক্তরাষ্ট্রে বসে প্রথম অতিকথন শুরু করেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এরপর প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্য আরেক দফা সংকট তৈরি করে। এর পাশাপাশি চলছে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর লাগামহীন বক্তব্যের মাধ্যমে সৃষ্টি করেন হাস্যরস। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক পর্যায়ের একজন সহকারী মন্ত্রী সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্য তোলপাড় সৃষ্টি করেছে। এ নিয়ে ঘরে বাইরে চলে নানামুখী আলোচনা-সমালোচনা হয়েছে। বছরজুড়ে প্রশ্ন ফাঁস ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর বাইরেও ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও মন্ত্রীর বক্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই শেষ পর্যন্ত কৌশলে উতরে গেছে সরকার।
এদিকে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ কার্যত ৬ বছর ধরেই ক্ষমতায় থাকলেও আভ্যন্তরীণ সমস্যা নিয়ে বেকায়দায় রয়েছে দলটি। সরকারে সফলতা থাকলেও সাংগঠনিক সফলতাও নেই। বরং দলীয় হানাহানিতে জর্জরিত হয়ে বছরের অধিকাংশ সময়ই কেটে গেছে। ফলে সাংগঠনিকভাবে দলটির পথ চলাও ছিল অনেকটা বিশৃক্সখলাপূর্ণ। গত এক বছরে আওয়ামী লীগের দলীয় কোন্দলে অন্তত ১৭৬ জন নেতাকর্মী মারা গেছেন। আহত হয়েছেন হাজারো। এছাড়া চাঁদাবাজি টেন্ডারবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। যোগ হয়েছে নানা গ্র“পিং, লবিং ও বিভক্তি। কমিটি গঠনসহ নানা ইস্যুতে কেন্দ্রীয় নেতাদের সামনেই বাধছে রক্তক্ষয়ী সংঘর্ষ। অনেকস্থানে অস্ত্রের মহড়াও দেখা গেছে। বেপরোয়া নেতাকর্মী কেউ কারও নির্দেশ মানছেন না। এমনকি নিজ দলের নেতাকর্মীর হত্যার ঘটনাও ঘটছে। সংঘর্ষের আশঙ্কায় কয়েকটি স্থানে সম্মেলন স্থগিতের ঘটনা ঘটলেও থামানো যাচ্ছে না কোন্দল-দ্বন্দ্ব। কাক্সিক্ষত পদ পেতে আওয়ামী লীগ নেতারা ব্যবহার করছেন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনকে। ব্যক্তিস্বার্থে সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ব্যবহার করার কারণে তারাও জড়িয়ে পড়ছে অভ্যন্তরীণ কোন্দল-দ্বন্দ্বে। সর্বশেষ দেশের কয়েকটি স্থানে ছাত্রলীগের দু’গ্র“পের প্রাণঘাতী সংঘর্ষে দু’জন কর্মীর প্রাণহানির ঘটনায় চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয় দলের হাইকমান্ডকে।























































