শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সতর্ক হাসিনা-খালেদা-তারেক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৫

tarek1

পূর্বাশা ডেস্কঃ

একে একে বিএনপির সিনিয়র নেতাদের ও তাদের গাড়িতে হামলার ঘটনা ঘটছে। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের দুই দুইজন উপদেষ্টাকে টার্গেট করা হয়েছে। এরমধ্যে কয়েকদিন আগে খালেদার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তার কার্যালয়ে দেখা করার সময়ে বাইরে থাকা তার গাড়ির উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই খালেদা জিয়ার অপর উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রিয়াজ রহমান গুলশানে যেখানে ঘটনার শিকার হন সেখানের এলাকাটি সিসি ক্যামেরার আওতাধীন। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে গুলশান বাড়িধারা এলাকা কুটনৈতিক জোন হিসাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়। সেখানে পুলিশের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ছাড়াও রয়েছে বিশেষ ফোর্স। এখন অবরোধ চলার কারণে সেখানে আরো বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই অবস্থার মধ্যে খালেদা জিয়ার দুই দুইজন উপদেষ্টার গাড়ির উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন খালেদা জিয়া ও তারেক রহমান। তারা আশঙ্কা করছেন এই ধরনের ঘটনা আরো বাড়তে পারে। বিএনপির আন্দোলন থামানোর জন্য সরকার ও কোন একটি মহল এই ধরনের কাজ করতে পারে। টার্গেট করে বিএনপির সৎ, কর্মঠ, খালেদার ঘনিষ্ট এমন সব নেতার উপর হামলা হচ্ছে।

এতে করে তারা মনে করছেন, পররাষ্ট্র বিষয়ক যেই সব নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাদের উপরই হামলার ঘটনা ঘটছে। এতে করে আতঙ্ক ছড়ানোর জন্য করা হতে পারে। যাতে আর কেউ তার সঙ্গে দেখা করতে না যান। অন্যদিকে সরকারের ভেতরেও আশঙ্কা রয়েছে বিএনপি, কিংবা তাদের জোটের কেউ বিএনপি নেতাদের টার্গেট করে ঘটনা ঘটিয়ে সরকারের উপর দোষ চাপিয়ে দায় চাপাতে পারে। সরকারের ইমেজ নষ্ট করার চেষ্টাও চালাতে পারে। এছাড়াও এই ধরনের ঘটনা ঘটিয়ে বিএনপির আন্দোলন জোরালো করারও কৌশল হতে পারে। সেই কারণে সতর্ক রয়েছে সরকার ও শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থেকে সব ধরনের নাশকতার ঘটনা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন। যে কোন মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখারও নির্দেশ দিয়েছেন।

বিএনপি নেতাদের উপর হামলার জন্য খালেদা জিয়া সরকারের উসকানিকে দায়ী করেছেন। আওয়ামী লীগ বলেছে, এটা দেশকে অস্থিতিশীল করতে বিএনপি ষড়যন্ত্রের অংশ। এনিয়ে দুই দলের একে অপরের বিরোধি অবস্থানের কারণে অন্য কোন গোষ্ঠী যাতে সুযোগ নিতে না পারে সেই ব্যাপারেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকার এবং খালেদা জিয়া , তারেক রহমান সতর্ক রয়েছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের ঘনিষ্ট সূত্র জানায়, এবার বিএনপি আন্দোলনে কোন ধরনের পিছ পা হবে না। দাবি আদায় যতক্ষণ না হবে ততক্ষণ তারা মাঠ ছাড়বেন না। সেই সঙ্গে তারা এটাও ঠিক করেছেন যেই সব নেতাদের নিয়ে বিতর্ক নেই, যারা আন্তর্জাতিক মহলের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রক্ষা করছেন ওই সব নেতারা টার্গেট হচ্ছেন। এর লক্ষণ ভাল না। যে অবস্থা চলছে এই অবস্থায় বিএনপির আন্দোলন সফল করার জন্য পাঁচ স্তরে যে সব নেতারা কাজ করছেন ও যারা খালেদার ও তারেকের নির্দেশ বাস্তবায়ন করার জন্য অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন ওই সব নেতারা আগামিতে হামলার টার্গেট হতে পারেন। সেটা হলে নেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হতে পারে। সেটা হলে অন্য নেতারা ভয়ে মাঠে নাও থাকতে পারেন। এতে করে বিএনপির আন্দোলনে ছেদ পড়তে পারে।

এই ব্যাপারে সূত্র জানায়, তাদের কাছে খবর রয়েছে বিএনপি চেয়ারপারসনকে সরকার গ্রেফতার করতে পারে। তাকে আটক করা হলে মাঠে আর নেতা থাকবেন না নির্দেশ দেওয়ার জন্য। কারণ তারেক রহমান মাঠে নেই। তিনি বিদেশে বসেই সব ধরনের নির্দেশ দিচ্ছেন। সেটা হলেও দেশে একজন নেতা মাঠে থাকতে হবে যার জন্য নেতারা অপেক্ষা করবেন। এখন নেতারা বেগম খালেদা জিয়া কি নির্দেশনা দেন সেটা দেখার জন্য অপেক্ষা করেন। তিনি আটক হয়ে গেলে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই অবস্থায় আন্দোলন দুই দিকে যেতে পারে। এক হচ্ছে মাঠের নেতাদের কেউ নির্দেশনা না দেওয়ার জন্য থাকলে তারা তাদের মতো করে আন্দোলন সফল করার জন্য ব্যবস্থা নিতে পারেন। এতে সহিংস হয়ে উঠতে পারে পরিস্থিতি। সরকারে সঙ্গে তারা না পেরে উঠলে মাঠ ছেড়ে যেতে পারেন।

সূত্র জানায়, তারেক রহমান এখন দেশে ফিরতে পারছেন না। এই অবস্থায় তার স্ত্রী ডা: জোবায়দা রহমানকেও আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাবেন না। খালেদা জিয়া ও তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন এখন সরকারের যে অবস্থান তাতে করে আন্দোলন সফল করতে হলে অবশ্যই বিএনপিকে শান্ত থেকে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে হবে। সহিংস কোন আন্দোলনে যাওয়া যাবে না। সেটা গেলে আন্দোলন ব্যর্থ হবে। আর অহিংস আন্দোলন করলে সফলতা আসতে সময় বেশি লাগলেও বিফল হবে না।

সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের দুইজন উপদেষ্টার গাড়িতে ও একজন উপদেষ্টার উপরে হামলার ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় তারা মনে করছেন এই সময়ে বিএনপির আরো নেতারা টার্গেট হতে পারেন। সেই জন্য আন্দোলনের যে সব নেতারা নেতৃত্ব দিচ্ছেন ও যারা আন্দোলনের সমন্বয় করছেন, কুটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে নেতারা টার্গেট হওয়া ছাড়াও সাধারণ মানুষও হামলার শিকার হচ্ছেন। রংপুরের মিঠাপুকুরে বাসে আগুন দিয়ে চারজনকে হত্যার ঘটনা ঘটেছে। এই ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, গাড়ি যাচ্ছে, দুর্বৃত্তরা দিচ্ছে আগুন। এটা তো চোরাগোপ্তা হামলা হচ্ছে।

এদিকে সরকারের ভেতরেও আশঙ্কা রয়েছে বিএনপির এই আন্দোলন চলমান অবস্থায় বেছে বেছে বিএনপির বিভিন্ন নেতার উপর হামলা হতে পারে। এটা করে কোন কোন গোষ্ঠী , এমনকি বিএনপি নিজেও সরকারের উপর দোষ চাপানোর চেষ্টা করতে পারে। সরকারের ইমেজও নষ্ট করার চেষ্টা করবে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ট একটি সূত্র জানায়, চলমান আন্দোলন সফল করার জন্য বিএনপির নেতাদের উপর তারা কিংবা তাদেরই কেউ হামলা করতে পারে। এই ধরনের কোন ঘটনা যাতে না ঘটে সেই জন্য সরকার সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। সরকার সতর্ক রয়েছে চলমান আন্দোলনে বিএনপির ও তাদের জোটের কোন নেতার উপর যাতে কোন ধরনের হামলার ঘটনা না ঘটে। কারণ কোন নেতার উপর হামলার ঘটনা ঘটলে দায় দায়িত্ব সরকারের উপর পড়তে পারে। সেই সঙ্গে বিএনপি এটাকে ইস্যু করে সরকার পতনের আন্দোলন জোরালা হতে পারে। জনসমর্থনও বিএনপির পক্ষে যেতে পারে। এই কারণে সরকার তাদেরকে মাঠেই নামতে দিচ্ছে না।

এদিকে খালেদা জিয়া এই ঘটনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের উসকানিতে এই হামলা হয়েছে বলে মন্তব্য করেন। নিন্দা জানিয়ে তিনি বিবৃতিতে বলেন, রাতে আমাকে অবরুদ্ধ অবস্থায় দেখে বাড়ি ফেরার পথে পুলিশ বেষ্টনির অদূরে রিয়াজ রহমানের ওপর এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় আমি যুগপৎ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। এই হামলা ও প্রাণনাশের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদের কোনো ভাষা নেই। সরকারি উচ্চ মহল থেকে উসকানিমূলক বক্তব্যের পরই রিয়াজ রহমান এই ধরনের সন্ত্রাসী হামলার শিকার হলেন। খালেদা প্রধানমন্ত্রীর আগের দিনের বক্তব্যের দিকে ইঙ্গিত করেন। সোমবার সোহরোওয়ার্দী উদ্যানের সমাবেশে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা অবরোধে নাশকতার জন্য বিরোধী জোটকে দায়ী করে তাদের প্রতিরোধ করতে জনগণের প্রতি আহ্বান জানান। সরকারকে হুঁশিয়ার করে খালেদা বলেন,এভাবে বিরোধী দলের ওপর নগ্ন হামলা চালিয়ে শেষ রক্ষা হবে না।

সমাবেশে খালেদা জামায়াতকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছেন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, উনি জঙ্গিদের নেত্রী হয়েছেন। রাজনৈতিক দলের নেতা তিনি হতে পারেন নাই, তিনি সন্ত্রাসের নেত্রী, জঙ্গির নেত্রী। উনি মানুষ খুন করেন। খালেদা জিয়াকে হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, মানুষ খুন করলে সরকার তা সহ্য করবে না। জনগণ খেপে গেলে পরিমাণ হবে খুবই খারাপ। প্রতিটি পাড়া-মহল্লায় বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা করবে তাদের ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে। তার জন্য যা যা দরকার আমরা করব।

এদিকে রিয়াজ রহমানের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, রিয়াজের ওপর হামলাকারীদের ধরা হবে। হামলাকারীরা ছাড় পাবে না। এটা সভ্য জগত। একটা ঘটনা ঘটে যাবে, আমরা কিছু করব না তা হয় না। তদন্ত করে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার পর গুলশানে রিয়াজ রহমানের ওপর গুলির ঘটনা ও তার গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। রিয়াজ রহমান পুলিশকে জানান, তিনজন যুবক মোটর সাইকেলে এসে এই হামলা চালায়। তাদের এখন পুলিশ সনাক্ত করতে পারেনি। এই ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে বিএনপি নেতা রিয়াজ রহমানকে গুলির করা ও তার গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হচ্ছে। গুলিবিদ্ধ বিএনপি নেতা রিয়াজ রহমানের অবস্থা আপাতত শঙ্কামুক্ত জানিয়ে চিকিৎসকরা বলেছেন, অপারেশন থিয়েটারে নিয়ে তার ক্ষতের পরিচর্যা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি