শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার সরকারকে ছাড় দিতে নারাজ বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৫

 

এম.উমর ফারুক: এবার সরকারকে কোন ভাবে ছাড় দিতে নারাজ বিএনপি। বর্তমান সরকারের জনপ্রিয়তা ‘শূন্যের কোটায়’। বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে এই সরকারের গ্রহণযোগ্যতা প্রায় নেই বললেই চলে। তাই চলমান আন্দোলনের জনগণের সাড়া মিলেছে। জনমতকে পক্ষে নিয়ে আন্দোলন অগ্রসর হলে সরকারের পতন সুনিশ্চিত। তাই বিভিন্ন কৌশল নিচ্ছে দলের হাইকমা-।

দলীয় সূত্রগুলো বলছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এক্ষেত্রে কোনো প্রকার বিভ্রান্তিতে কান না দিয়ে সাবধানতা অবলম্বন করতে নেতা-কর্মীদের নির্দেশনা পাঠানো হয়েছে। চলমান আন্দোলনকে আরও বেগবান করতে সব ধরনের কৌশল নিয়ে এগোচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে বিশ্ব ইজতেমা ও ছুটির দিনেও অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়নি। ইজতেমার দ্বিতীয় পর্বের পর পর চলমান আন্দোলনের ধরন পাল্টাবে, গতিও বাড়বে। অনির্দিষ্টকালের অবরোধ গড়াতে পারে লাগাতার অসহযোগ আন্দোলনে।

এ ছাড়া রাজপথে আন্দোলনের পাশাপাশি সরকারের ওপর বহির্বিশ্বের চাপ বাড়াতে অব্যাহত রাখা হবে কূটনৈতিক তৎপরতা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের গুলশানের বাসায় বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। সেখানে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন প্রভৃতি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বৈঠকে অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।বৈঠকে এজেন্ডা গোপন রাখা হলেও সূত্রগুলো বলছে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশি মিত্রদের কাছে বিএনপির অবস্থান স্পষ্ট করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, বিএনপি আন্দোলনের মধ্যে আছে এবং এতে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারকে সহজে ছাড় দেওয়া হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি