বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অপহরনের ৬ দিন পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, ২ অপহরনকারী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৫

kidnaper

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

অপহরনের ৬ দিন পর এসএসসি পরীক্ষার্থী মোঃ আল-আমীন সরকারকে (১৬) উদ্ধার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত ২ অপহরনকারীকেও আটক করেছে ডিবি পুলিশ (গোয়েন্দা শাখা)।

এসএসসি পরীক্ষার্থী মোঃ আল-আমীন সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর উত্তর পশ্চিমপাড়া গ্রামের মোঃ সুলতান মেম্বারের ছেলে।

student -al amin

মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেল ৫ টায় চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর আর্দশ গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারিকেও আটক করা হয়।

আটক হওয়া অপহরণকারিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ সেলিম(২৮) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর গ্রামের মৃত মিঠু মিয়ার ছেলে মোঃ নূরে আলম(২৯)।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, গত ১৫ জানুয়ারী বেলা ১২ টার সময় থেকে এসএসসি পরীক্ষার্থী মোঃ আল-আমীন সরকারকে খোজাঁখুজি করে না পেয়ে ওই দিন তার পিতা-মাতা দেবিদ্বার থানায় নিখোঁজ ডায়েরী করেন।
গত ১৮ জানুয়ারী সকালে অজ্ঞাত পরিচয়ে একজন তার মায়ের মোবাইলে ফোন করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। এ বিষয়টি তার পিতা সাথে সাথে আমাকে অবহিত করে।

তারপর তাৎক্ষনিক ভাবে অপহৃত আল-আমীন’কে উদ্ধারের জন্য এসআই মোঃ শাহ কামাল আকন্দ এবং এসআই মোঃ সহিদুল ইসলামে নেতৃত্বে ১টি টিম গঠন করে দ্রুত অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেই।

উক্ত টিম গত ১৮ তারিখ হতে অভিযান পরিচালনা করে মোবাইলের সূত্র ধরে আজ বিকালে চৌদ্দগ্রামের শুভপুর আদর্শ গ্রাম ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ভিকটিম আল- আমীনকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত অপহরনকারী ২ জনকে গ্রেফতার করেন।

তাৎক্ষনিক পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, আর্থিক লাভবানের জন্য তারা আল-আমীন’কে অপহরন করিয়া ভারত সীমান্তবর্তী এলাকায় আটক রেখে মোবাইলের মাধ্যমে মুক্তিপন দাবি করেছিল।

উল্লেখ্য আসামী সেলিম ইতিপূর্বে রসুলপুর গ্রামে রাজমিস্ত্রির কাজ করার সুবাদে ভিকটিমের সাথে সম্পর্ক হয়। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কুমিল্লা দেবিদ্বার থানায় এজাহার দায়ের করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি