ডেস্ক রিপোর্টঃ
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা ভারত সফরে আসছেন। তার এই সফরটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন বিশেষ করে ভারতের বর্তমান মোদি সরকারের জন্যতো বটেই। কারণ এই নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছিল, মার্কিন সরকারের তরফ থেকে তাকে ভারতে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এমনকি তাকে কালো তালিকাভুক্তও করা হয়েছিল। অথচ সেই সব ঘটনা এখন উল্টো ঘটলো। তার বিরুদ্ধে সেখানে মামলা শেষ হয়েছে। মার্কিন প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্টতা গড়ে উঠেছে। বিজেপির সরকারের সময়ে বারাক হোসেন ওবামা ভারত সফর করছেন এটা মোদীর জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সম্মানতো বটেই। নরেন্দ্র মোদি নির্বাচন করার আগে থেকেই মার্কিন প্রশাসন চেষ্টা করছিল তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার। তাতে সফলও হয়নি। মোদির ইচ্ছে ছিল তিনি নির্বাচিত না হওয়ার আগে মাকিন যুক্তরাষ্ট্রে যাবেন না। তিনি তার কথা অনুযায়ী জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত বছর সেপ্টেম্বরে সেখানে যান। সেখানে ওবামা প্রশাসন তাকে বিরল সম্মান জানায়। দুই জনের মধ্যে একান্ত বৈঠকও হয়। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিস্ট বিষয়েও কথা হয়। ওবামাকে ওই সময়ে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদি। তার আমন্ত্রণে সম্মতি জানান তিনি। সেই হিসাবেই মোদির আমন্ত্রণ রক্ষা করতে ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিস্ট বিষয়ে আলোচনা করতে ভারতে আসছেন ওবামা।
তবে তিনি এই ভারতীয় উপমহাদেশের মাটিতে পা রাখলেও বাংলাদেশ ও পাকিস্তানে যাচ্ছেন না। তা না গেলেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই দুই দেশের বিষয়টিও আলোচনায় ঠাঁই পাবে। দুই দেশের ব্যাপারে মার্কিন প্রশাসন কি চায় সেটাও মোদিকে অবহিত করতে পারেন। সূত্র জানায়, ওবামা বাংলাদেশের ব্যাপারে তার স্পষ্ট অবস্থান তুলে ধরবেন। তারা যে ৫ জানুয়ারির নির্বাচন মেনে নেননি এবং সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নিরপক্ষে নির্বাচন চান সেটাও বলতে পারেন। সেই সঙ্গে তারা যে চলমান সংকট সমাধানের জন্য সংলাপ জরুরি সেটাও বলতে পারেন। এই ব্যাপারে মার্কিন সরকারের চাওয়া বাস্তবায়নের ভারতের সহায়তা চাওয়া হবে।
বিএনপির একাধিক সূত্র বলছে, তারা মার্কিন সরকারের কাছে সংলাপ ও আগাম নির্বাচনের জন্য সহায়তা চেয়েছেন। তারা পুরো পরিস্থিতি তুলে ধরেছেন। সেই সঙ্গে বর্তমান সরকার ঢাকাস্থ সদ্য বিদায়ী মার্কিন রাষ্ট্রদূতকে কাজের মেয়ের সঙ্গে তুলনা করা, তাদের দেশের সহকারি পররাষ্ট্র মন্ত্রীকে দুই আনার মন্ত্রী বলা ও রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী প্রায় তিন বছর সাক্ষাতের সময় না দেওয়ায় এবং মার্কিন সরকারকে বর্তমান সরকার বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয়টি তারা মেনে নিতে পারেননি। এই অবস্থার পরিবর্তনও চাইছেন। মার্কিন সরকারকে মোদি বাংলাদেশের ব্যাপারে কতখানি সহযোগিতার আশ্বাস দিবে এটা ঠিক এখনই বলা যাচ্ছে না। কারণ মোদি এখন আর একজন পার্টি প্রধান হিসাবে নিজেকে বিবেচনা করছেন না। তিনি ভারতের একজন প্রধানমন্ত্রী হিসাবেই নিজের অবস্থান ধরে রাখতে চান। এই জন্য সব দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে তার দেশের যত বেশি স্বার্থ আদায় করা যায় সেটাই করতে চাইছেন। করছেনও। এখন বাংলাদেশে আগাম নির্বাচনে মার্কিন সরকারের আগ্রহ থাকলেও ভারতের বিশেষ আগ্রহ নেই বলে সূত্র জানায়। কারণ মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা ভারতে সফরে এসে বাংলাদেশের ব্যাপারে তাদের মনোভাব জানাতে পারেন এমনটি জেনেই বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি ভারতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই জনের মধ্যে ৪০ মিনিট বৈঠক হয়েছে। ওই বৈঠকে ভারতের সঙ্গে সরকার আরো সম্পর্কের উন্নয়ন ও দুই দেশের স্বার্থ সংশ্লিস্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। ভারতের বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের সরকার সহযোগিতা অব্যাহত রেখে ভারতের সুবিধার ও চাওয়ার পাওয়ার বিষয়গুলোকেও বিবেচনা করার আশ্বাস দিয়েছে।
সূত্র জানায়, এই অবস্থায় ভারতের মোদি সরকার বিবেচনা করছে তিনি বিএনপি আগামিতে ক্ষমতাসীন হলে যেসব সুবিধা পাবেন সেগুলো এখন যদি বর্তমান সরকারের কাছে থেকে পান সেটা বরং ভাল। আর বিএনপিতে তার আগামি দিনের জন্য থাকবেই। এই কারণে মোদি এখন বাংলাদেশের কাছ থেকে সব ধরনের সুবিধা নিতে চেষ্টা করছে। আগাম নির্বাচন তার কাছে বড় বিষয় নয়।
সূত্র জানায়, বাংলাদেশের চলমান আন্দোলনেও ভারতের কোন বিবৃতি লক্ষ্য করা যায়নি। তারা সংঘাত বন্ধ করতেও বলেনি, কোন উদ্বেগও প্রকাশ করেনি। অপরদিকে তারা সরকারকে সংলাপেও বসার কথা বলেনি। ভারত আর বাংলাদেশের দুই দলকে হাতে রেখেই তার সুবিধা চাইছে ও সেটাই পেতে যাচ্ছে।
এই অবস্থায় মোদি বাংলাদেশ নিয়ে মার্কিন সরকারের চাওয়া কতখানি পূরণ করবেন সেটা একটা বড় বিষয়। তবে বিএনপির এখনও হতাশ হতে রাজি নয়। দেশের চলমান অবস্থায় জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে শুরু করে সবাই বিবৃতি দিয়ে উদ্বেগ উৎকন্ঠা জানালেও ভারত কিছুই বলেনি। তাতেও বিএনপি হতাশ নয়। বিএনপি মনে করছে বিজেপে শেষ পর্যন্ত বিষয়টি দেখবে। তারাও আগাম নির্বাচন চাইবে। এখন যদিও চাইছে না। মোদিও অবস্থান পরিবর্তন করতে পারেন। এখন তিনি তার দেশের সুবিধাই বড় করে দেখছেন।
এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আগামী ২৫ তারিখ দিল্লি পৌঁছুবেন বারাক হোসেন ওবামা। তিনি ফিরে যাবেন ২৭শে জানুয়ারি। তিনি আসার প্রথম দিনেই সব গুলো গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ২৫ জানুয়ারি নরেন্দ্র মোদির সঙ্গে ওবামা বৈঠক করবেন। এরপর দিল্লির শীর্ষ কর্তাদের সঙ্গে ওয়াশিংটনের প্রতিনিধি দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রায় ৮০ মিনিট উপস্থিত থাকবেন বারাক ওবামা। আরো যোগ দিবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে নৈশভোজে, হায়দরাবাদ হাউসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও তাজমহল পরিদশর্নে যাবেন। তিনি ভারতে আসার জন্য ইতোমধ্যে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজন বিবেচনা করে এখনও ব্যবস্থা নিচ্ছেন। তাজমহল দর্শন করে আর তিনি দিল্লীতে নাও ফিরতে পারেন আগে ঘোষণা না দিলেও আগরা থেকে দিল্লি না ফিরে তাজমহলের শহর থেকেই এয়ার ফোর্স ওয়ানে নিজের দেশে রওয়ানা হতে পারেন।
আরো জানা গেছে, ভারত সফরে তার স্ত্রী মিশেল এবং দুই কন্যা মালিহা এবং সাশার আসার কথা রয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগ শেষ মুহূর্তে কোনও নিষেধাজ্ঞা কিংবা সতর্কতা জারি না করলে ২৫ জানুয়ারি নয়াদিল্লি বিমানবন্দরে সপরিবারই নামবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এদিকে ভারতের গণমাধ্যম বলছে, বারাক হোসেন ওবামার আসার পর অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে পারস্পরিক বিনিয়োগ বাড়ানো এবং নিরাপত্তাদু’টি বিষয়কেই সমান গুরুত্ব দিচ্ছেন ওবমা ও মোদি। এর কারণ ভারত তথা গোটা দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাপেক্ষে নিরাপত্তার বিষয়টি দু’তরফের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকা ভারতকে ১৭ রকম অস্ত্র সরঞ্জাম দিতে প্রস্তুত। এটা প্রাথমিক ভাবে জানিয়েছিল আমেরিকা। তবে এখনই এত অস্ত্র কেনার প্রয়োজন নেই। এই কারণে প্রতিরক্ষা ক্ষেত্রে দু’টি চুক্তি হতে পারে। ভারত মার্কিন পরমাণু চুক্তির রূপায়ণ, পরিবেশ বিষয়ক চুক্তি নিয়েও আলোচনাও হবে। প্রতিরক্ষা, খুচরো ব্যবসা, রেল এবং বিমা ক্ষেত্রে প্র্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি করে ভারত। এই ক্ষেত্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের ব্যাপারে আলোচনা হবে। মেক ইন ইন্ডিয়া নীতিতে ভারতে কারখানা তৈরির আহ্বান জানানো হবে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে।
ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের বরাতে আনন্দবাজার বলেছে, এই দু’টি বিষয় নিয়ে ইতিমধ্যেই ভারত ও মার্কিন সরকারের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে পৌঁছুবেন পেন্টাগনের আন্ডার সেক্রেটারি ফ্রাঙ্ক কেন্ডাল। তার সঙ্গে ভারতীয় কর্তারা প্রধান দু’টি বিষয়ের পাশাপাশি আসন্ন শীর্ষ বৈঠকের আলোচ্যসূচিও শেষ মুহুর্তেও ঠিকঠাক করে নিবেন।
এই সফরে দু’দেশের মধ্যে ভিসা অন অ্যারাইভাল দেওয়ার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব চালু করার বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়াও মোদি ওবামার সঙ্গে রেডিওতে একটি যৌথ বক্তৃতা দিতে চান। আর সময় মাত্র তিনদিন। বারাক ওবামা এয়ার ফোর্স ওয়ান এ করে এরপর দিন স্বপরিবারে ভারতে আসছেন। সব মিলিয়ে তিনি থাকবেন আড়াই দিনের মতো। ওবামার আসা নিয়ে ইতোমধ্যে ব্যস্ততা শুরু হয়ে গেছে। মোদি নিজেও একটু সময়ও নষ্ট করতে চান না। এই কারণে তার কার্যালয়ে চলছে তৎপরতা। দু’দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভিন্ন বিষয়ে কূটনৈতিক আলোচনা তো হবেই। কিন্তু তার বাইরেও দু’টি বিষয়কে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।
প্র্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর, দু’দেশের মধ্যে তাত্ত্বিক ও দীর্ঘমেয়াদি আলোচনা কিংবা চুক্তির পাশাপাশি এমন কিছু সিদ্ধান্তও মোদি নিতে চান, যাতে অবিলম্বে দেশের সাধারণ মানুষ উপকৃত হন। তেমনই একটি ক্ষেত্র হল ভিসা। মার্কিন ভিসা পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল। এটা সহজ হওয়া দরকার। আবার মার্কিনীদের এ দেশে আসামাত্র ভিসা দেওয়া গেলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে সুবিধেই হবে। প্রাথমিক ভাবে সব বিমানবন্দরে না হলেও আপাতত নয়াদিল্লি এবং নিউ ইয়র্ক বিমানবন্দরে আসামাত্র ভিসা-র ব্যবস্থা চালু করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য অবশ্য ভারতীয় বিমানবন্দরকে প্রযুক্তিগত ভাবে আরো প্রস্তুতি নিতে হবে। এর কারণ কারণ, ভিসা দেওয়ার বেলায় নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বড়। এই ব্যাপারে মার্কিন সহায়তা নিয়ে ভারত সব ধরনের ব্যবস্থা নিতে চাইছে। এই কারণেই ওবামার সফরের মধ্যেই ভিসার বিষয়টি নিয়ে কোনও চুক্তির ঘোষণা করা যায় কি না, সেটা নিয়েও আলোচনা চলছে।
এছাড়াও মোদি রেডিওতে নিয়ে যেতে চান ওবমাকে। সেখানে মোদি-ওবামাকে একসঙ্গে রেডিওতে হাজির হবেন। গত সেপ্টেম্বরে যখন মোদি আমেরিকা গিয়েছিলেন, তখন মোদি-ওবামা একটি বহুল প্রচারিত মার্কিন দৈনিকে যৌথ সম্পাদকীয় লিখেছিলেন। দিল্লিতে নতুন সরকার আসার পর বাণিজ্য ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল সেখানে। এ বার আকাশবাণীর মাধ্যমে সেই কাজটাই করতে চাইছে মোদি প্রশাসন
























































