
স্টাফ রিপোর্টারঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো (৪৫) আর নেই। আজ শনিবার মালয়েশিয়ার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, বেলা সাড়ে ১২টার দিকে কুয়ালালামপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দলের নেতারা, তার পরিবারের সদস্যরা ও আত্মীয়-স্বজন আসতে শুরু করেছেন। গুলশান কার্যালয়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল অব. মাহাবুবুর রহমান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন, খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাঈদ, শামীম ইস্কান্দের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম বিএনপি কার্যালয়ের ভেতরে খালেদা জিয়ার সাথে অবস্থান করছেন। সেখানে গুলশান কাঁচাবাজার মসজিদ থেকে কুরআনখানির জন্যে ৫ জন হাফেজকে আনা হয়েছে।
দুই মেয়ের জনক কোকোর বয়স ৪৫ বছর। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি কুয়ালালামপুরের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়া আরাফাত ২০০৮ সালের ১৭ জুলাই তৎকালীন সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় যান।
ওই বছরের ২৩ জুন মুদ্রা পাচারের মামলার রায়ে আরাফাতকে ছয় বছরের কারাদ- দেয় বিচারিক আদালত; সেই সঙ্গে ১৯ কোটি টাকা জরিমানাও করা হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২০০৯ সালে ক্ষমতা নেওয়ার পর কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এরপর আদালত তাকে পলাতক দেখিয়ে বিচার এবং সাজার রায় দেয়। পলাতক থাকায় আপিলের সুযোগ পাননি তিনি। তবে বিএনপির দাবি, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এর আগে জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন আরাফাত।
তখন খালেদার বড় ছেলে তারেক রহমানও গ্রেপ্তার হয়েছিলেন। তিনিও সেনা নিয়ন্ত্রিত ওই সরকারের সময় মুক্তি পেয়ে বিদেশ যান। সপরিবারে এখন লন্ডন রয়েছেন তারেক।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক সরাসরি রাজনীতিতে যুক্ত হলেও কোকো সেই পথ ধরেননি।
২০০১ সালে আরাফাত জাতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য হয়েছিলেন। তখন বিসিবির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও হয়েছিলেন তিনি























































