স্টাফ রিপোর্টারঃ
বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া চলমান আন্দোলনে অন্য নেতা বিশেষ কোন ভূমিকা রাখতে পারছেন না। তারা ২০১৩ সালের আন্দোলনে যেমন ছিলেন এখনও তেমনই আছেন। গ্রেপ্তার আতঙ্কে বাসা ছেড়ে অন্যত্র থাকছেন। বেশিরভাগ নেতার মোবাইল ফোনও বন্ধ। তাদের সঙ্গে মাঠের নেতারা কথা বলতে চাইলেও পারছেন না। সেটা ছাড়াও ওই সব নেতারা ঢাকায় অবরোধ ও হরতালের স্বপক্ষে একটি মিছিলও করতে পারছেন না। খালেদা জিয়া মনে করেছিলেন ২০১৩ সালে যে ভূমিকায় কেন্দ্রীয় ও ঢাকার নেতার ছিলেন এবার অন্তত সেটা হবে না। তারা সক্রিয় ভাবে মাঠে থেকে সরকারকে অস্থির করে তুলবেন। কিন্তু তা পারেননি। এমনকি খালেদা জিয়াকে তালাবন্ধ করে রাখার প্রতিবাদেও কোন মিছিল করতে পারেননি।
বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট একজন নেতা বলেন, দলের জন্য কাজ করছেন ৫ জানুয়ারির পর কেন্দ্রীয় নেতাদের মধ্যে এমন ৫-৬ জন নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। বাকিরা মাঠে না থাকায় খালেদা জিয়া ও তারেক রহমান অসন্তুষ্ট। খালেদা জিয়া ক্ষুব্ধ।
খালেদা জিয়ার পরিবারের একটি সূত্র জানায়, কেন্দ্রীয় ও ঢাকার নেতারা ভয়ে ও নিজের সুবিধা বিবেচনা করে মাঠে না থাকলেও অনেক নেতাই বিএনপি চেয়ারপারসন অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পর তার সঙ্গে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেন। এই জন্য তার ভাইয়ের স্ত্রী নাসরীন এস্কান্দারের সঙ্গে ও অন্যান্য মাধ্যমে যোগাযোগ করেন। কিন্তু কোন নেতাকে তিনি তার সঙ্গে দেখা করার জন্য অনুমতি দিচ্ছেন না। তিনি মনে করছেন এখন তিনি যে অবস্থায় আছেন এই অবস্থায় নেতাদের তার সঙ্গে দেখা করতে যাওয়ার দরকার নেই। তিনি কাজ দেখতে চান।
এই কারণেই বলা হচ্ছে নেতারা সেখানে গেলে আটক হতে পারেন। যখন যে নেতাকে প্রয়োজন হবে খালেদা জিয়া নিজেই তাকে ফোন করবেন। ওই সব নেতাদের ভূমিকাতে তিনি অসন্তুষ্ট হওয়ার কারণে দেখাও করতে চাইছেন না। তিনি চাইছেন নেতারা মাঠে থাকবেন সেখানে সাফল্য দেখাবেন। কিন্তু ঢাকায় বিএনপির নেতাদের কোন সাফল্য নেই। দেশের বিভিন্ন জেলায় অবরোধ ও হরতাল সফল হলেও ঢাকা মহানগরীতে হরতাল ও অবরোধ তেমনভাবে সফল হচ্ছে না। আর ঢাকায় এবারও আন্দোলন জমিয়ে তুলতে না পারার কারণে ঢাকার নেতাদের নিয়ে তিনি ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান হতাশ। এই কারণে তারা ওই সব নেতাদের ঘরে বসে থাকা, আতœগোপনে থেকে গ্রেপ্তারের বিষয়টি আবারও সামনে রাখার অজুহাত মেনে নিতে পারছেন না।
তবে বিএনপির কয়েকজন নেতা ভেতরে ভেতরে কাজ করছেন। এরমধ্যে আর এ গনি, সাবিহউদ্দিন আহমেদ, আব্দুল মইন খান রয়েছেন। তারা বিদেশি চাপ বাড়াতে চাইছেন সরকারের উপর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. ওসমান ফারুক এখন যুক্তরাষ্ট্রে বসে রাজনীতি করছেন। সেখানে মার্কিন সরকার, কংগ্রেসম্যানসহ অন্যান্যের কাছে গিয়ে লবিং করছেন। সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা করছেন। প্রবাসীদের বিএনপির পক্ষে ঐক্যমত গড়ে তোলার জন্য কাজ করছেন। তিনি যুক্তরাষ্ট্রে বসে সক্রিয় থাকলেও বিএনপির আরেক নেতা সাদেক হোসেন খোকাও সেখানে রয়েছেন। একদিনের জন্য মুখ খুললেও এখন আবার চুপ রয়েছেন। দেশেও বিএনপির কোন প্রভাবশালী নেতা মাঠে নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কথা বলছেন বিভিন্ন মাধ্যমে। তারেক রহমান কোন কথা গণমাধ্যমের জন্য বলছেন না। এদিকে কেবল দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান মাঝে মাঝে বিবৃতি দিচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকার আহ্বায়ক কমিটির প্রধান মির্জা আব্বাস, মহাসচিব হাবিবুন নবী খান সোহেল তারা ঢাকার রাজপথে নেই। বিএনপির গুরুত্বপূর্ণ নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মাঠে নেই। তিনি এখন হাসপাতালে। খন্দকার মোশাররফ হোসেন কারাগারে, তরিকুল ইসলাম যশোরে রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম কারাগারে রয়েছেন। ব্যারিস্টার মওদুদ আহমেদও মাঠে নেই। যদিও তিনি অনেক দিন ধরেই আড়ালে রয়েছেন। অন্যান্য নেতারা পিঠ বাঁচিয়ে চলছেন।
সূত্র জানায়, বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের ব্যাপারে তারেক রহমান লণ্ডন থেকে নিজস্ব সোর্সে খবর নিচ্ছেন। গোয়েন্দা রিপোর্টগুলোতে বিএনপির নেতাদের সম্পর্কে কি ধরনের তথ্য আসছে সেগুলোও জানার চেষ্টা করছেন। আর সেগুলোর কিছু কিছু জানার পর বিষয়গুলো ভাল ভাবে নিচ্ছেন না। তারা মনে করছেন বিএনপি চেয়ারপারসনকেই ঢাকায় এসে সমাবেশ বৃক্ততা করতে হবে বিষয়টি এমন নয়, ঢাকার নেতারা বড় মিছিল করতে পারে। সরকার যে সব সিদ্ধান্ত নিচ্ছে এর প্রতিবাদ করতে পারে। খালেদা জিয়ার কার্যালয় শ্রমিক লীগ ঘেরাও করার কর্মসূচি দেওয়ার পর তারা সচিবালয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাসভবন, ও সংসদ ভবন ঘেড়াও করার মতো কর্মসূচির মতো কোন কর্মসূচি দিতে পারে। সেটা করে তারা গ্রেফতার হলেও হতে পারে। কিন্তু নেতাদের কাছ থেকে তেমন কোন সাড়া মিলছে না। এই কারণে তারা বিকল্পও ভাবছেন।
এদিকে ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে বসে বলেছেন, পাকিস্তানী জান্তা আইয়ুব- এয়াহিয়া এবং বাংলাদেশের স্বৈরশাসক এরশাদ জোর করে, গুলি চালিয়ে, নির্যাতন, গ্রেফতার এবং গুম, অপহরণ করে ক্ষমতায় থাকতে পারেনি, বর্তমান জুলুমবাদ এবং শেখ হাসিনাও ক্ষমতায় থাকতে পারবেন না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার যে ডাক দিয়েছেন বাংলাদেশের মানুষ সেই ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে এসেছেন। মানুুষের আন্দোলনের মুখেই আইয়ুব- এয়াহিয়া এবং এরশাদের মত শেখ হাসিনাও জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে বাধ্য হবেন।
ওসমান ফারুক এক অনুষ্ঠানে আরো বলেন, রাজনীতি করার আগে আমিও শিক্ষকতা করেছি, বিশ্বব্যাংকে চাকরি করেছি। রাজনীতি করতে এসে দেখেছি শিক্ষকতা জীবনে আমরা যা বলেছি বাস্তবে তার মিল নেই। তিনি বলেন, যখন বাংলাদেশ কোন সংকটে পড়েছে তখন একশ্রেণীর বুদ্ধিজীবী রাজনীতিবিদদের দোষারূপ করেন। আবার অনেকে জাতিকে বিভ্রান্ত করেন। তিনি বলেন, এই সব বুদ্ধিজীবী এবং শিক্ষকরা কখনোই জাতির সংকটের সমাধান করতে পারেন না। সমাধান শেষ পর্যন্ত রাজনীতিবিদদেরই করতে হয়। বাংলাদেশের এখন ক্রান্তিকাল চলছে। নব্য স্বৈরাচার এবং বাকশালী সরকার জাতিকে মহাসংকটে ফেলে দিয়েছে। বিরোধীদলের নেতাকর্মীদের উপর জুলুম- নির্যাতন এবং গ্রেফতার করছে। কিন্তু শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা না নেয়ার কারণেই বুঝতে পারছেন না, গ্রেফতার, নির্যাতন এবং মানুষ হত্যা করে আইয়ুব- এয়াহিয়া এবং এরশাদও বাংলাদেশে জোর করে ক্ষমতায় থাকতে পারেনি, শেখ হাসিনাও পারবেন না। আন্দোলনে রাজপথ জ্বলছে। এই আন্দোলনে শেখ হাসিনাও জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে বাধ্য হবেন। তিনি বলেন, আপনারা জানেন একজন মা যখন গর্ভবতী হয় তখন তার খুব কষ্ট হয়, নানা সংকট দেখা দেয়। এই সংকট এবং কষ্টের পরই পৃথিবী আলোকিত করে আনন্দের বার্তা নিয়ে সন্তান আসে। আমি আজকে আশ্বস্ত করে বলতে চাই, আমাদের আন্দোলনে মানুষ যে কষ্ট করছে, এই কষ্টের অবসান হবে এবং নতুন এই কষ্ট এবং সংকট থেকে নতুন সূর্য আসবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতার জন্য আন্দোলন করছেন না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন। দেশ রক্ষার জন্য আন্দোলন করছেন, মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন করছেন, মানবাধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন করছেন। বেগম খালেদা জিয়া যদি ক্ষমতায় যেতে চাইতেন তাহলে মঈন- ফখরুদ্দিন এবং এরশাদের সাথে সমঝোতা করে ক্ষমতায় যেতে পারতেন কিন্তু তিনি তা করেননি। করেছেন শেখ হাসিনা কারণ তার ক্ষমতায় লোভ রয়েছে। তিনি আরো বলেন, স্বৈরাচারি সরকার এবং তার লোকজন বলছে বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই বিএনপি সন্ত্রাস করছে না বিএনপি আদর্শিক আন্দোলন করছে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে বিতর্কিত এবং দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।























































