ইমতিয়াজ আহমেদ জিতু
আগামী ২ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবার এ পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় ১ হাজার ৬৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৪৬ হাজার ২১৬ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৪ হাজার ৯৩ জন।
এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রের তুলনায় ১১ হাজার ৫ শত ৭২ জন বেশি। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৬৭ হাজার ৩ শত ২২ জন আর ছাত্রীর সংখ্যা ৭৮ হাজার ৮ শত ৯৪ জন। এ বোর্ডের অধীনে ৬ জেলায় ২৩১ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বোর্ডে সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লা জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ৭৮৩ জন, যার মধ্যে ছাত্র ২৩ হাজার ৭৭৮ জন আর ছাত্রী ২৭ হাজার ৫ জন, ব্রাহ্মনবাড়িয়া জেলায় পরীক্ষার্থীরা সংখ্যা ২১ হাজার ৫৫৭ জন যার মধ্যে ছাত্র ৯ হাজার ৯৭৫ জন, আর ছাত্রী ১১ হাজার ৫৮২ জন, চাঁদপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ১৬১ জন যার মধ্যে ছাত্র ১০ হাজার ৬৫৩ জন আর ছাত্রী ১৩ হাজার ৫০৮ জন। নোয়াখালী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৪৯৪ জন যার মধ্যে ছাত্র ১০ হাজার ৯৯৪ জন, আর ছাত্রী ১৩ হাজার ৫ শত, লক্ষ্মীপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৩১ জন, যার মধ্যে ছাত্র ৫ হাজার ৮২০ জন আর ছাত্রী ৬ হাজার ১১ জন। ফেনী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৩৯০ জন যার মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ জন আর ছাত্রী ৭ হাজার ২৮৮ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইন্দুভূষন ভৌমিক জানান , নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের সাথে সমন্বয় করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

















































